সম্প্রতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে কবিতা লিখেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়। তার লেখা এই কবিতা এরইমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে এবং বেশ প্রশংসিতও হয়েছে।
কবিতাটি নাম তিনি দিয়েছেন ‘কোভিড-১৯’। মূলত করোনাভাইরাস নিয়ে সচেতনতা সৃষ্টি করতেই এই প্রয়াস তার।
কলকাতার একটি দৈনিক লিখেছে, মমতা বন্দোপাধ্যায় কাজের মানুষ, কাছেরও মানুষ। দিনভর হাজারও কাজের ব্যস্ততা সামলে কাব্যচর্চা তার অবসরের সঙ্গী। এর আগে নোটবন্দি, এনআরসি কিংবা সিএএ নিয়েও কবিতা লিখেছেন তিনি।
মমতা বন্দোপাধ্যারেয়র লেখা কবিতাটি নিচে তুলে ধরা হলো–
কোভিড ১৯
বস্তাপচা ময়লায় ঢেকে গেছে পৃথিবীটা
মানুষ, মানুষ থেকে দূরে।
ছোঁয়া যাবে না– স্নেহের পরশকে।
কালও যা ছিল –
হাতের ছোঁয়ায় আশীর্বাদ,
আজ তা পরশমণির
স্পর্শ থেকে বাদ।
এ কি ভয়ার্ত বেশ…
সারা বিশ্ব এক থেকে অন্যে-
সন্দিহান অবকাশের নিশিরাত্রি!
মাত্র দুমাসের পৃথিবীর
হাওয়া বদল!
দেখা হল কথা হল না!
মনটায় মেঘের ছায়া,
চুলগুলো উদভ্রান্ত!
কারো সাথে দেখা হল-
কথা হচ্ছে না।
সারা পৃথিবীটা-
বদলে গেল।
বদলে গেল মানসিকতা-
সবাই দূরে দূরে।
দূরের দূরত্বটাই আজ সবচেয়ে বেশি ভরসার।
সারা বিশ্ব আজ বিশ্ব পণ্ডিত!
কিন্তু পারলো না-
একটা ভাইরাসকে দমন করতে?
হার মানলো সারা বিশ্ব?
সবার মুখ দেখা
সবার জন্য বন্ধ।
সব গবেষণাকে
জব্দ করলো
একটা মাত্র শব্দ
করোনা, কোভিড ১৯।
বিজনেস বাংলাদেশ/ আরিফ

























