চীনে নতুন করে আরও ৪২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৩৮ জনই বিদেশি নাগরিক। এছাড়া উহানে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। গত কয়েকদিনে নতুন করে উহানে কোনো মৃত্যু না হওয়ায় কিছুটা স্বস্তি মিলেছিল। কিন্তু নতুন করে সেখানে আবারও প্রাণহানি ঘটল।
চলতি সপ্তাহেই উহান থেকে লকডাউন তুলে নেওয়া হয়েছে। ফলে জনজীবনে স্বস্তি মিলেছে। লোকজন উহান ছাড়তে পারছে। অনেকেই ট্রেনে করে বাড়ি ফিরে যাচ্ছে। প্রায় দু’মাস ধরে সেখানে আটকা পড়েছিল হাজার হাজার মানুষ।
গত কয়েক মাসের প্রচেষ্টায় চীনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে থাকলেও নতুন করে বিদেশফেরত নাগরিকদের মাধ্যমে আক্রান্তের ঝুঁকি বাড়ছে। ফলে দ্বিতীয় দফায় চীনে বিদেশফেরতদের মাধ্যমে আবারও করোনার মহামারি পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। তারপর থেকেই সেখানে করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে। চীনে এ পর্যন্ত কয়েক হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























