মহামারি করোনা ভাইরাসের থাবা থেকে মুক্ত হওয়ার পথে রয়েছে চীন। টানা ৮ দিনে কোন মৃত্যু নেই। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশ থেকেই এ ভাইরাসের সূত্রপাত হয়। আর তার জেরে আচমকাই এক মৃত্যু উপত্যকায় পরিণত হয় দেশটি। করোনায় প্রাণ যায় হাজার হাজার মানুষের। যা গোটা বিশ্বজুড়ে একের পর এক কেড়ে নিচ্ছে প্রাণ।
সেই জায়গায় অত্যন্ত কঠোরতার সঙ্গে সে পরিস্থিতি মোকাবিলা করছে চীন। ক্রমে ক্রমে বাগে আনছে করোনাকে। আর তারই পরিপ্রেক্ষিতে বর্তমানে দেশটিতে করোনার সংক্রমণ বলতে গেলে শূন্যে নেমে এসেছে। সবচেয়ে বড় সুখবর হলো, বিগত টানা ৮ দিন দেশটিতে করোনায় নতুন করে আর কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। শুধু মৃত্যু নয়, বর্তমানে চীনে নতুন করে করোনা শনাক্তের সংখ্যাও প্রায় শূন্যের কোঠায়।
চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে আরেক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানাচ্ছে, বুধবার (২২ এপ্রিল) দেশটিতে নতুন করে মাত্র ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এমনকি সম্প্রতি বাইরে থেকে দেশটিতে যাওয়া ব্যক্তিদের মধ্যেও নতুন করে করোনা শনাক্তের সংখ্যা কমেছে।
জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, বুধবার চীনের মূল ভূ-খণ্ডে ১০ জন নতুন করোনা রোগী মিলেছে। আগের দিন এ সংখ্যা ছিল ৩০। আগের দিন শনাক্ত ৩০ জনের মধ্যে ২৩ জনই ছিলেন সদ্য দেশের বাইরে থেকে ফেরা।
মহামারির সূত্রপাত হওয়ার পর থেকে এখন পর্যন্ত সরকারি হিসেবে চীনে ৮২ হাজার ৭৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩২ জনের। সেরে উঠেছেন ৭৭ হাজারেরও বেশি মানুষ। বর্তমানে আর মাত্র ৯৫৯ জন নিশ্চিত করোনা রোগী আছে দেশটিতে। এরমধ্যে গুরুতর অবস্থা ৬৩ জনের।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























