এবার স্মারক নিলামে তুলে সেই অর্থ সুবিধাবঞ্চিত মানুষদের জন্য ব্যয় করা শুরু করেছেন জাতীয় দলের কিছু ক্রিকেটার। সেই ধারায় যোগ দিয়ে আরো চার ক্রিকেটার নিজেদের স্মারক নিলামে তুলছেন।
এই চারজন ক্রিকেটার হলেন ওপেনার আনামুল হক বিজয়, অলরাউন্ডার সৌম্য সরকার, অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবং স্পিডস্টার তাসকিন আহমেদ। নিলাম থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ দুঃস্থদের সহযোগিতায় ব্যয় করা হবে বলে জানা গেছে।
জাতীয় দলের ক্রিকেটারদের মাঝে সবার আগে নিজের স্মারক বিক্রি করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তার স্মারক বিক্রয়ের কাজটি সম্পন্ন করেছে Auction 4 Action নামের একটি প্রতিষ্ঠান। সৌম্য-বিজয়দের স্মারক নিলামে তোলা এবং পরিচালনার কাজও এই প্রতিষ্ঠানই করবে।
ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির ব্যাটটি নিলামে তুলবেন সৌম্য সরকার। গত বছর নিউজিল্যান্ড সফরে ৯৪ বলে দুর্দান্ত সেঞ্চুরিটি করেছিলেন এই ব্যাটসম্যান। এদিকে ২০১৪ সালে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন আনামুল হক বিজয়। তিনি সেই ব্যাটটি নিলামে তুলবেন।
২০১৭ সালের শ্রীলংকা সফরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ। এই বলটিই নিলামে তুলবেন তিনি। এছাড়া ভারতের মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও বাংলাদেশের সাকিব আল হাসানের স্বাক্ষরিত বল নিলামে দিচ্ছেন সাইফউদ্দিন।
কিছুদিনের ভেতরই এসব নিলামে তোলা হবে বলে জানিয়েছে Auction 4 Action. এর আগে মুশফিকুর রহিম ও মোহাম্মদ আশরাফুল তাদের ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়েছেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























