করোনা দূর্গতদের সহায়তা করতে নিজের ব্যাট নিলামে তুলছেন তারকা ক্রিকেটার মুশফিকুর রহীম। আর এই ব্যাটটি কিনতে নিলামে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
গতকাল শনিবার রাতে তামিম ইকবাল এবং মুশফিকুর রহীম ইনস্টাগ্রামে লাইভে আসেন। এ সময় তামিম ইকবাল নিলামের বিষয়ে মুশফিকুর রহীমকে বিস্তারিত জানাতে বলেন।
মুশফিক বলেন, ‘একটি ই-কমার্স ওয়েবসাইট নিলামের ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে। এই সপ্তাহেই সব জানা যাবে।’
তিনি বলেন, ‘সাধ্যমতো চেষ্টা করছি কীভাবে অবদান রাখা যায়। আমি সবাইকে একটা অনুরোধ করবো যে এটা আমার ব্যাট এটা ভেবে কিনতে হবে না। আমি তাকে অনুরোধ করবো তিনি যে কিনবেন পুরো টাকাটা মহৎ কাজে ব্যয় করা হবে। যত বেশি মূল্য দিয়ে উনি ব্যাটটি কিনবেন আমি আরও বেশি সাহায্য করতে পারবো।’
এসময় তামিম ইকবাল বলেন, ‘আমারও নজর থাকবে নিলামে।’ তখন মুশফিক হাসতে হাসতে বলেন, ‘আমি চাই তুই ব্যাটটা কিনে নে।’ এর জবাবে তামিম বলেন, ‘সত্যিই, আমি এই কথাটা বলতে চেয়েছিলাম। আমার রেঞ্জ পর্যন্ত যদি থাকে তাহলে আমি অবশ্যই বিট করবো।’
করোনাভাইরাসের ফলে সৃষ্ট দুর্যোগে দুর্গতদের সহায়তা করতে মুশফিকুর রহিম তার প্রিয় ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দেন। এই ব্যাটটি দিয়েই তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেন। ২০১৩ সালে গল টেস্টে করা সেই ডাবল সেঞ্চুরিই বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি। এরপরে মুশফিক আরও দুটি ডাবল সেঞ্চুরি করেছেন।
মুশফিকের পর সাকিব আল হাসানও ইংল্যান্ড বিশ্বকাপে খেলা নিজের ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দেন। এ নিলাম মুশফিকের চেয়েও আগে অনুষ্ঠিত হয়েছে। ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে সাকিবের সেই ব্যাট।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























