করোনাভাইরাসের এই সময়ে ক্রিকেটপ্রেমীদের জন্য বিনোদনের নতুন মাধ্যম হয়ে এসেছে ক্রিকেটারদের লাইভ আড্ডা। বাংলাদেশ জাতীয় দলের অনেক ক্রিকেটারই এর আগে লাইভ আড্ডায় এসেছেন।
বুধবার (১৩ মে) তামিমের সঙ্গে লাইভে এসে ব্যাপারটিকে আন্তর্জাতিক মাত্রা দিয়ে গেছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি। এবার জাতীয় দলের দুই ক্রিকেটারের সঙ্গে লাইভ আড্ডায় যোগ দেবেন দুই ক্যারিবীয় ক্রিকেটার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলা চার সতীর্থকে এবার একসঙ্গে দেখতে পারবেন ক্রিকেটভক্তরা। এছাড়া এসময় তাদের সঙ্গে থাকবেন চ্যালেঞ্জার্সের ব্যাবস্থাপনা পরিচালকও।
বৃহস্পতিবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ। সেখানে ক্রিকেটারদের ছবির সঙ্গে ক্যাপশনে লেখা ছিল, ‘লাইভে আসবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর চার ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, চ্যাডউইক ওয়ালটন, ইমরুল কায়েস এবং লেন্ডল সিমন্স। সাথে থাকবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর ব্যবস্থাপনা পরিচালক কেএম রিফাতুজ্জামান।
লাইভ আড্ডায় অজানা অনেক কিছুই ভক্তদের সঙ্গে শেয়ার করেন ক্রিকেটাররা। ফলে অল্প সময়েই বেশ জনপ্রিয়তা পেয়েছে ক্রিকেটারদের এসব লাইভ সেশন। চোখ রাখুন স্পৃহা বাংলাদেশ ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর ফেইসবুক পেইজে শনিবার রাত ১০:৩০ মিনিটে।’

























