করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত বিশ্ব। বুধবার (২০ মে) সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ২৪ হাজার ৯১০ জনে এবং আক্রান্তের সংখ্যা ৪৯ লাখ ৮৬ হাজার ৩৩২ জন। অপরদিকে ১৯ লাখ ৫৮ হাজার ৪৯৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
মঙ্গলবার একদিনে বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৮১৩ জন, মৃত্যু হয়েছে ৪৫৮৯ জনের। এছাড়া একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫১ হাজারের বেশি করোনা রোগী। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও এখন ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে আরও ভয়াবহ আকার নিয়েছে। আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবার ওপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৫৮৩ জন এবং মৃত্যু হয়েছে ৯৩ হাজার ৫৩৩ জনের। সুস্থ হয়েছেন ৩ লাখ ৬১ হাজার ১৮০ জন।
আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে রাশিয়া। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ৯৪১ জন। মৃত্যু হয়েছে ২৮৩৭ জন। স্পেনে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৮০৩ জন এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭৭৮ জনের।
মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রিটেন। দেশটিতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৫ হাজার ৩৪১ জন, আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৮১৮ জন। এছাড়া ইতালিতে নিহত হয়েছেন ৩২ হাজার ১৬৯ জন।
চীনের উহান থেকে বিস্তার শুরু করে গত চার মাসে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। চীনে করোনার প্রভাব কমলেও বিশ্বের অন্য কয়েকটি দেশে মহামারি রূপ নিয়েছে।
তবে এরই মধ্যে কোনো কোনো দেশে করোনার প্রভাব কমে যাওয়া লকডাউন শিথিল ও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























