বাংলাদেশ জাতীয় দলের ড্রেসিংরুমে নানা রকমের গেম চালু করেছিলেন মাশরাফি বিন মুর্তজা। বেশ মজার সেইসব গেম। বিশেষ করে তামিম ইকবাল একটা গেম খুব বেশি খেলে থাকেন। সেটা হলো ডুবন্ত নৌকায় দুই জনকে তুলে দেওয়া হবে, সেখান থেকে একজনকে বাঁচাতে হবে। সেই দুজন হলো যিনি উত্তর দেবেন তার খুব কাছের। গতকাল শেষ ফেসবুক লাইভে তামিমকে এই প্রশ্ন করে বসেন মাহমুদউল্লাহ রিয়াদ। বেচারা তামিম পড়ে যান বিপদে।
কদিন আগে তাসকিন আহমেদ আর রুবেল হোসেনের সঙ্গে আলাপে একই ধরণের প্রশ্ন করে তাদের বিপাকে ফেলেছিলেন তামিম। মাহমুদউল্লাহ না মাশরাফি – কাকে বাঁচাবেন রুবেল-তাসকিন, এই ছিল সেদিন তামিমের প্রশ্ন। এবার তামিমকে প্রশ্ন করা হয়, বাংলাদেশ দলে তার সবচেয়ে প্রিয় বন্ধু কে, সেই নামটি বলতে। তামিম প্রথমে উত্তর দিলেন, ‘মুশফিক আছে। মাশরাফি ভাইরা আছেন। সাকিব আছে…।’ কিন্তু মাহমুদউল্লাহ চাপ দিয়ে বলেন, ‘একটা নৌকায় দুজন আছে- মাশরাফি ভাই আর মুশি। একজনকেই বাঁচাতে পারবি। কাকে বাঁচাবি?’
তামিম তো মহা ফাঁপড়ে পড়ে যান। কিছুক্ষণ সময় নিয়ে বলেন, ‘যদি মাশরাফি ভাইর নাম না বলি মানুষ গালি দিবে…।’ এই পর্যায়ে আবার মাহমুদউল্লাহর চাপ, কোনো একজনকে বেছে নিতে হবে। তাতে তামিমের উত্তর, ‘মুশফিক।’ আসলে তামিম আর মুশফিক সেই অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে একসঙ্গে খেলে যাচ্ছেন। তাদের মাঝে বন্ধুত্বটা দুর্দান্ত। একে অপরকে সবসময়ই ‘দোস্ত’ বলে সম্বোধন করেন। মাশরাফি বিন মুর্তজা সবার কাছে তুমুল জনপ্রিয় হলেও বন্ধুত্বের জয় হয়েছে। এই চারজনেরই আড্ডাটা হয়েছে অনেক প্রাণবন্ত। সতীর্থ পরিচয় ছাপিয়েও তারা যে কত কাছের বন্ধু, সেটিই প্রমাণিত হয়েছে আরেকবার।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























