শনিবার সন্ধ্যায় ক্রিকেটভক্তদের কাছে অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতো দুঃসংবাদ হয়ে আসে মহেন্দ্র সিং ধোনির অবসর নেয়ার ঘোষণা। ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই অধিনায়কের বিদায়ে আবেগঘন বার্তা দিয়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
ধোনির উদ্দেশ্যে টাইগার অলরাউন্ডার সাকিব লিখেছেন, বিদায় মহেন্দ্র সিং ধোনি। খেলার মাঠে আপনি ছিলেন নিঃসন্দেহে একজন দুর্দান্ত খেলোয়াড় এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দিয়ে আপনি অনুপ্রাণিত করেছেন লাখো মানুষকে। আপনার সুন্দর ভবিষ্যতের জন্য রইলো শুভ কামনা।
এছাড়া মিস্টার ডিপেন্ডেবল মুশফিক লিখেছেন, এই খেলার একজন সত্যিকারের প্রতিভা, জীবন্ত কিংবদন্তি এবং একজন চ্যাম্পিয়ন। অসাধারণ ক্যারিয়ারের জন্য মাহি ভাইকে অভিনন্দন।
এর আগে শনিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ধোনি। নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি।
ধোনি তার পোস্টে লেখেন, আপনাদের ভালবাসা এবং সর্বত্র সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। আমাকে ১৯.২৯ (সন্ধ্যা ৭.২৯ মিনিট) থেকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসেবে বিবেচনা করতে সবাইকে আহ্বান করছি।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























