মাস দু’য়েক আগেই ওয়েলসের সাবেক কোচ কোলম্যানকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের দায়িত্বে নিয়োগ দেওয়ায় অনেক আলোচনা হয়েছিল। সেই ওয়েলস অ-১৫ দলের সঙ্গে ফিফা অ-১৫ বিশ্বকাপ এন্ড ফেস্টিভ্যালে আজ (শনিবার) বাংলাদেশ অ-১৫ দল গোলশূন্য ড্র করেছে।
আজারবাইজানের বাকুতে চলছে বয়সভিত্তিক এই টুর্নামেন্ট। অ-১৫ পর্যায়ে ফিফা এবারই প্রথম বৈশ্বিক প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রথম আসরে অংশগ্রহণ করছে ১৯১ দেশ। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো হস্তান্তর করবেন। স্ট্যান্ডার্ড ফুটবল ৯০ মিনিটের ম্যাচ ও মাঠে ১১ জন থাকে। তবে অ-১৫ বিশ্বকাপে ম্যাচের দৈর্ঘ্য ৪০ মিনিট আর স্কোয়াড ৮ জনের।
ওয়েলসের মতো দলের বিপক্ষে গোল হজম না করা বাংলাদেশের জন্য ভালো অর্জনই। বাংলাদেশ দলের গোলরক্ষক শ্রীনাথ হালদার বলেন, ‘ওয়েলস ফিজিক্যালি আমাদের চেয়ে শক্তিশালী। আমার লক্ষ্য ছিল ম্যাচটি ক্লিনশিট রাখব। সেটা রাখতে পেরেছি। আশা করি সামনের ম্যাচেও এই ধারাবাহিকতা রাখব।’
ওয়েলসের বিপক্ষে ড্র বাংলাদেশের ফুটবলের জন্য আশাব্যাঞ্জক খবর হলেও অ-১৫ দলের কোচ আকবর হোসেন রিদন অবশ্য পারফরম্যান্সে খুশি নন। আজারবাইজানে বাফুফের দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, ‘পারফরম্যান্সে আমি তেমন খুশি নই। আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। তারা শারীরিক ও টেকনিক্যালি অনেক শক্তিশালী। বিশেষ করে আমরা বিল্ড আপে অনেক ভুল করেছি। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ আমরাই মিস করেছিলাম।’
আগামীকাল (রোববার) বাংলাদেশের দু’টি ম্যাচ। দিনের প্রথম ম্যাচই ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের বিপক্ষে। অনুশীলনের সুযোগ না থাকায় ভিডিও সেশনই ভরসা কোচের, ‘কাল সকালে পর্তুগালের সঙ্গে এবং রাতে আরেকটি ম্যাচ। অনুশীলনের সময় নেই। আজকের ম্যাচের ভুলগুলো ভিডিও সেশনে শোধরানোর চেষ্টা করব।’
ডিএস./



















