ঐতিহ্যে লালিত স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন ১৩৫ বছরের পুরোনো কুমিল্লা টাউন হল (বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন)। এটি ভেঙে নতুন করে বহুতল স্থাপনা নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রস্তাবিত বহুতল ভবনে পাঠাগার, একাধিক মিলনায়তন, মহড়াকক্ষ, ভিআইপি লাউঞ্জ, অতিথি কক্ষ, দ্বিতল গাড়ি পার্কিং, প্রবেশ ও বাইরের আলাদা সড়ক, ক্যানটিনসহ নানা ধরনের কক্ষ থাকবে। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজপরিবারের স্মৃতি বহন করা টাউন হলটি কুমিল্লাবাসীর গৌরব ও প্রাচীন ঐতিহ্যের প্রতীক।
কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন ও ময়নামতি সেনানিবাস এলাকা) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন কুমিল্লা টাউন হলের বর্তমান স্থাপনা ভেঙে নতুন করে বহুতলবিশিষ্ট আধুনিক স্থাপনা করার জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে একটি ডিও দেন। এর পরিপ্রেক্ষিতেই সংস্কৃতি মন্ত্রণালয় গণপূর্ত বিভাগকে কুমিল্লা টাউন হল নিয়ে একটি নকশা করার জন্য বলে।
গত বুধবার দুপুরে এ নিয়ে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে কুমিল্লা জেলা প্রশাসক ও কুমিল্লা টাউন হলের সভাপতি মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে এক সভা হয়। সভায় সাংসদ আ ক ম বাহাউদ্দিন, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মো. আতাউর রহমান, ইতিহাসবিদ ও মুক্তিযোদ্ধা গোলাম ফারুক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, জ্যেষ্ঠ সাংবাদিক নীতিশ সাহাসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেখানে স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া বহুতল ভবন নির্মাণের নকশার ডিজিটাল অ্যানিমেশন উপস্থাপন করেন। সভায় অংশ নেওয়া একাধিক ব্যক্তি কুমিল্লা টাউন হল ভবনের ঐতিহাসিক স্থাপত্যশৈলী ঠিক রেখে বহুতল ভবন নির্মাণের দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, ‘টাউন হল নিয়ে কুমিল্লাবাসীর মতামত আমরা সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে পাঠাব। মন্ত্রণালয় এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’
বিজনেস বাংলাদেশ/ এ আর




















