নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরে গোয়েন্দা তথ্য সংগ্রহকালে র্যাবের ওপর হামলার ঘটনায় স্থানীয় সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে র্যাবের চিরুনি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ১৩ জনকে আটক করা হয়েছে। বুধবার (৬ মে) সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে র্যাব-১১’র সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন গনমাধ্যম কর্মীদেরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযানে আটককৃতরা হলো, মো: সোহেল রানা (৪০), মো: আ: রাজ্জাক (৪০), জোবায়ের হোসেন (২২), মো: শামিম আহম্মদ (২২), মিঠুন (৩৪), মো: ইমন প্রধান (২৬), মো: আকাশ (৩০), মো: রুবেল (৩৭), মো: আরাফাত হোসেন (২৮), মো: সুজন (৩২), মো: হৃদয় মিয়া (৩২), মো: টুটুল খান (৩৮) ও মো: রেজাউল করিম (৪৮)।
সংবাদ সম্মেলনে র্যাব-১১’র অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, গত মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টা হতে রাত ১২টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফতুল্লার মাসদাইর এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে এই চক্রের ১৩ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়। তল্লাশিকালে তাদের আস্তানা থেকে ৬ রাউন্ড পিস্তলের গুলি, ১০টি ছুরি-চাকু, ৭টি চাইনিজ কুড়াল, ২টি রামদা, ৩টি চাপাতি, ৪টি সিসি ক্যামেরা, ১টি ড্রোন, নগদ ১১ লাখ ৬৪ হাজার ৫’শ টাকা উদ্ধার করা হয়েছে। মাদকের একটি বড় চালান ২৩৫ কেজি গাঁজা ও ১১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে, যা তারা এলাকায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল।
সংবাদ সম্মেলনে অধিনায়ক আরোও জানান, ফতুল্লার মাসদাইর এলাকাটি দীর্ঘদিন ধরে মাদক ও সন্ত্রাসী চক্রের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। মূলত এই মাদক ও অস্ত্র বিরোধী অভিযানের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের জন্য র্যাব-১১’র ৪ জন সদস্য গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় মাসদাইর এলাকায় যান। এসময় তথ্য সংগ্রহকালে সন্ত্রাসীরা র্যাব সদস্যদের উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ হামলায় ৩ জন র্যাব সদস্যদের শরীর জখম ও আঘাতপ্রাপ্ত হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলেও র্যাব নিশ্চিত করেছে।
ডিএস./



















