ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে সম্প্রতি অনুষ্ঠিত স্থানীয় ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিল (ডিডিসি) নির্বাচনে মোদিবিরোধী জোটের বিপুল বিজয়ের পর অন্তত ৭৫ জন স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ভারত সরকার।
শনিবার স্থানীয় নেতৃবৃন্দ ও একজন পুলিশ কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার গত বছর মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটির বিশেষ মর্যাদা বাতিলের পর গত সপ্তাহে প্রথম বারের মতো স্থানীয় এ নির্বাচনটি সম্পন্ন হয়।
নির্বাচনের পর বিরোধীদের উপর ব্যাপক ধরপাকড় শুরু করে এবং কয়েক শ’ মানুষকে গ্রেফতার করে নয়াদিল্লি।
নাম প্রকাশ না করার শর্তে এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের মধ্যে স্থানীয় স্বাধীনতাকামী নেতা ও নিষিদ্ধ ঘোষিত জামায়াতে ইসলামীর সদস্যরা আছেন।
কিন্তু স্থানীয় রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র এবং জোটের অন্যতম সদস্য ইমরান নবি দার বলেন, এই ধরপাকড়ের মাধ্যমে জনগণের রায়কে অবজ্ঞা করা হয়েছে।
কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ওমর আবদুল্লাহ বলেন, মোদিবিরোধী জোটের বিজয় প্রমাণ করেছে, কাশ্মিরের বিশেষ মর্যাদা বিলোপে মোদির সিদ্ধান্ত গ্রহণ করেনি কাশ্মিরিরা।
গত ২৮ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত আট পর্যায়ে অনুষ্ঠিত স্থানীয় এ নির্বাচনে ভারতপন্থী কিন্তু কাশ্মিরের স্বায়ত্তশাসনের পক্ষের জোট পিপলস অ্যালায়েন্স ফর গুপকর ডিক্লারেশন (পিএজিডি) ২৮০ আসনের মধ্যে ১১২টি আসনে জয় পায়।
অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী ভারতীয় জনতা দল (বিজেপি) ৭৪টি আসন লাভ করে। এরমধ্যে কাশ্মির উপত্যকায় দলটি মাত্র তিনটি আসন পায়।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























