বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তবে করোনাভাইরাসের আতঙ্কে এ সফরে আসছেন না ইন্ডিজ দলের শীর্ষ ১০ তারকা খেলোয়াড়রা।
এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছন- টেস্ট দলের অধিনায়ক জেসন হোল্ডার, সীমিত ওভারের অধিনায়ক কাইরন পোলার্ড, টেস্টের সহ-অধিনায়ক রোস্টন চেজ।
অধিনায়ক, সহ-অধিনায়কদের সাথে করোনাভাইরাসের আতঙ্কে আরো যারা বাংলাদেশ সফরে আসছেন না, তারা হলেন- ড্যারেন ব্রাভো, সামারাহ ব্রুকস, শেলডন কটরেল, এভিন লুইস, শাই হোপ, শিমরোন হেটমায়ার ও নিকোলাস পুরান।
তবে ব্যক্তিগত কারণে বাংলাদেশ সফর থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছেন ফাবিয়ান অ্যালেন ও শেন ডওরিচ।
বাংলাদেশ সফরের জন্য আজ টেস্ট ও ওয়ানডের জন্য দু’টি পৃথক দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ক্যারিবিয় বোর্ড এক বিবৃতিতে ১০জন খেলোয়াড়ের না আসার কারণ হিসেবে, করোনা আতঙ্ককেই উল্লেখ করেছে।
টেস্টের নিয়মিত অধিনায়ক হোল্ডারের পরিবর্তে দলকে দলকে নেতৃত্ব দিবেন ক্রেইগ ব্র্যাওয়েট। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জার্মেই ব্ল্যাকউড।
ওয়ানডেতে পোলার্ডের পরিবর্তে দলকে নেতৃত্ব ২০১৮ সালে সর্বশেষ ক্যারিবিয় দলের হয়ে খেলা দিবেন জেসন মোহাম্মদ। তার ডেপুটি হিসেবে থাকবেন সুনীল অ্যামব্রিস।
করোনা পরিস্থিতির মধ্যে জাতীয় দলের খেলোয়াড়দের বিদেশ সফরের বিষয়ে পূর্ণ স্বাধীনতা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। কোনো খেলোয়াড় যদি আতঙ্ক বা ভয় বা অন্য কোনো কারণে বিদেশ সফর করতে না চান তার জন্য ভবিষ্যতে তাদের দলে আসতে কোনো সমস্যা হবে না বলে বোর্ড থেকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে। এজন্য গত জুলাইয়ে ক্রিকেট ফেরার সিরিজে ইংল্যান্ড সফরে যাননি ব্রাভো ও হেটমায়ার। আসন্ন বাংলাদেশ সফরেও থাকছেন না তারা।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























