পাকিস্তান চীনের সিনোফার্ম থেকে ১২ লাখ ডোজ কভিড -১৯ টিকা কিনবে বলে জানিয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের একজন মন্ত্রী এ তথ্য জানান। করোনা মহামারি শুরু হওয়ার পর দক্ষিণ এশিয়ার দেশটি এই প্রথম কোনো টিকা কেনার বিষয়ে নিশ্চিত করল। চীনের সরকারি অর্থায়নে পরিচালিত সিনোফার্মের কোভিড-১৯ টিকা বৃহস্পতিবার অনুমোদন দেয় পাকিস্তান সরকার। সাধারণ মানুষের ব্যবহারের জন্য এটিই চীনের প্রথম অনুমোদনপ্রাপ্ত করোনা টিকা।
পাকিস্তানের টিকা কেনার ব্যাপারে বৃহস্পতিবার দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ হুসাইন টুইটারে বলেন, মন্ত্রীসভা প্রাথমিক পর্যায়ে চীনের সিনোফার্ম থেকে ১২ লাখ ডোজ টিকা কেনার সিদ্ধান্ত নিয়েছে। ২০২১ এর প্রথম তিন মাসে এই টিকা সামনের সারির কর্মীদের প্রদান করা হবে। ফাওয়াদ আরো বলেন, প্রাইভেট সেক্টর যদি আন্তর্জাতিকভাবে অনুমোদনপ্রাপ্ত কোনো টিকা আমদানি করতে চায় তাহলে তারা তা করতে পারবে।
ডিসেম্বরের শুরুর দিকে পাকিস্তান করোনাভাইরাসের টিকা কিনতে ১৫ কোটি ডলার অর্থ বরাদ্দের অনুমোদন দেয়। প্রাথমিক পর্যায়ে ৫ শতাংশ জনগোষ্ঠীকে টিকা দেওয়ার জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে। তখন কোন টিকা কেনা হবে সে বিষয়ে তখন কোনো ঘোষণা দেয়নি তারা। তবে বলা হয়, একটি বিশেষজ্ঞ প্যানেল সুপারিশকৃত টিকার তালিকা তৈরি করছে এবং একাধিক উৎস থেকে ভ্যাকসিন কেনা হতে পারে।
পাকিস্তানে সম্প্রতি করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। বুধবার সেখানে নতুন করে ৫৮ জন মারা যান। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।
সূত্র: রয়টার্স।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























