চলতি বছরের শুরুতেই ভারতের বাজারে নতুন গাড়ি আনছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান টেসলা। বৃটিশ সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, ব্যবসা শুরু করতে ইতোমধ্যে গেল সপ্তাহে বেঙ্গালুরুতে ‘টেসলা ইন্ডিয়া মোটরস এবং এনার্জি প্রাইভেট লিমিটেড’ নিবন্ধন করেছে। ফলে ভারতের বিশাল বাজারে গাড়ি বাজারজাতকরণে আনুষ্ঠানিকভাবে অনুমতি নিলো প্রতিষ্ঠানটি।
ভারতে গাড়ি বিক্রির কার্যক্রম শুরু করতে টেসলার জ্যেষ্ঠ নির্বাহী ডেভিড জন ফিনস্টেইনসহ তিনজন পরিচালক নিয়োগ করেছেন এলন মাস্ক। গত বছরের অক্টোবরে এক টুইট বার্তায় ভারতে গাড়ি বাজারজাত করার বিষয়টি জানান টেসলার কর্ণধার এলন মাস্ক। তবে টেসলা কীভাবে তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে তা স্পষ্ট করে জানাতে পারেননি স্থানীয় কর্মকর্তারা।
কর্ণাটকের শিল্পমন্ত্রী জগদীশ শেত্তার টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, নিবন্ধিত হলেও টেসলা কীভাবে কার্যক্রম পরিচালনা করবে, সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে গত মাসে ভারতের পরিবহনমন্ত্রী নিতিন গাডকারী স্থানীয় গণমাধ্যমকে জানান, প্রাথমিক পর্যায়ে বাইরে থেকে গাড়ি এনে ভারতে বিক্রি করবে টেসলা। বাজার পরিস্থিতি বুঝে ভারতে উৎপাদন শুরু করতে পারে প্রতিষ্ঠানটি।
এর আগে ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, প্রথমে টেসলার সবচেয়ে কম দামি মডেল-৩ গাড়ি ভারতের বাজারে আনবে এলন মাস্ক। গাড়িটির বাজারমূল্য শুরু হবে ৫৫ লাখ ভারতীয় রুপি থেকে।
তেলের ওপর নির্ভরশীলতা এবং পরিবেশ দূষণ কমাতে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের ওপর জোর দিয়ে আসছে নরেন্দ্র মোদি সরকার। টেসলার পাশাপাশি বৈদ্যুতিক গাড়ি নির্মাণে অনেকটাই অগ্রগতি অর্জন করেছে ভারতের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোও। চলতি বছরই সাশ্রয়ীমূল্যে নিজস্ব প্রযুক্তিতে তৈরি বৈদ্যুতিক গাড়ি বাজারে আনার ঘোষণা দিয়েছে ভারতীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাটা মোটরস, মাহিন্দ্রা ও মারুতি।
সম্প্রতি ই-কর্মাস প্রতিষ্ঠান অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোসকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী হয়েছেন টেসলার কর্ণধার এলন মাস্ক। বর্তমানে তার সম্পদের পরিমাণ ১৮ হাজার ৫শ’ কোটি ডলার।


























