বুফে–শব্দটি শুনলেই চোখে ভেসে ওঠে দীর্ঘ টেবিলে সারি সারি সাজানো বাহারি পদের খাবার। নিজ হাতে নিয়ে নিন নিজের পছন্দসই সব খাবার। যতক্ষণ খুশি কবজি ডুবিয়ে, জিবের আশ মিটিয়ে খেতে থাকুন। স্বল্পাহারীদের জন্য আনন্দের ব্যাপার না হলেও ভোজনরসিকদের জন্য যে এই ব্যবস্থা রীতিমতো চোখ চকচক করে ওঠা ব্যাপার, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। গাজীপুর শহরের সুবিধাবঞ্চিত পথশিশুরা বিভিন্ন পদের খাবার (বুফে) খেলেন বিনামূল্যে।
শুক্রবার দুপুরে অবহেলিত শিশুদের জন্য এ আয়োজন করে রোটার্যাক্ট ক্লাব অব গাজীপুর বনরুপা। রোটার্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটারিয়ান আলহাজ্ব খন্দকার মনসুর হোসেন এর সার্বিক সহযোগিতায় সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য এই আয়োজন সুন্দর ভাবে সম্পন্ন করা হয় বলে জানান ক্লাবের সভাপতি রাফসানজানি খন্দকার সজল। খন্দকার মনসুর জানান, বিভিন্ন বস্তি এলাকা থেকে এ শিশুদের নিয়ে আসা হয়েছে। প্রায় দেড়শো সুবিধাবঞ্চিত পথশিশুদের খাবার খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা চাই সমাজটা সবার জন্য যেন সমান হয়।
মূলত অবহেলিতদের একটু স্পেশাল মনে করানোর জন্যই আমাদের এ আয়োজন। পথশিশুদের জন্য এ আয়োজনে উপস্থিত থেকে খাবার বেড়ে দিয়েছেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি রোটারিয়ান কাজী আলীম উদ্দিন বুদ্দিন, গাজীপুর রোটারি ক্লাবের সভাপতি প্রকৌশলী আজমল খন্দকার সায়েম, প্রকৌশলী সোহেল রানা, রোটারিয়ান ইমতিয়াজ সাজু, হোসনে আরা পুতুল, হাবিবুর রহমান সবুজসহ রোটারি, রোটার্যাক্ট ও ইন্টার্যাক্ট ক্লাবের সদস্যবৃন্দরা। বুফে খাবারের পর শিশুদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত অতিথিবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















