নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার বিভিন্ন এলাকা জলাবদ্ধতা নিরসনে পাইপ স্থাপনের কাজের ধীরগতিতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করছে। উপজেলার ফতেপুর ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নের বিপুল সংখ্যক লোক প্রতিদিন উপজেলা সদরে আসতে এ সড়কটি ব্যবহার করে থাকেন। র্দীঘদিন ধরে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় এ এলাকার মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে রাস্তাটি আগামী দুই মাসের মধ্যে চলাচলের উপযুক্ত করা হবে আশ্বাস দিয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিরা। উপজেলা এলজিইডি’র আওতায় প্রপার্টি ডেভেলপমেন্ট (পিডিএ) নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান একাজের টেন্ডার পেয়েছেন। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে পৌরসভা এলাকায় জলাবদ্ধতা নিরসনে পাইপ স্থাপনের এই কাজ করা হচ্ছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের সূত্রে জানা গেছে, মেঘা প্রকল্পের এটি একটি অংশ। সরেজমিন গিয়ে দেখা গেছে, আড়াইহাজার পৌরসভার সীমান্তবর্তী দক্ষিণপাড়া সড়কের সেতু এলাকায় পাইপ স্থাপনের কাজ বন্ধ রয়েছে। কয়েক দিন আগেও ঠিকাদারী প্রতিষ্ঠান এখানে কাজ করছিল। হঠ্যাৎ কাজ বন্ধ রাখা হয়েছে।
এতে ভোগান্তি আরও বেড়েছে। সড়কে যানবাহন চলাচল দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় বিকল্প সড়ক বগাদী এলাকার স্টীল ব্রীজ ব্যবহার করতে গিয়ে মানুষ ও যানবাহনের অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। এতে ফতেপুর ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নের প্রায় ২০ থেকে ৩০ হাজারের মতো মানুষ যাতায়তে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পাইপ স্থানের গর্তে কোনো প্রকার নিরাপত্তা বেষ্টুনী না থাকায় পথচারিদের পড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এতে লোকজন রাতে চলাচল করতে পারছে না। দক্ষিণপাড়া এলাকার কৃষক সামছুল হক জানান, যাতায়তে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে যানবাহন বন্ধ রয়েছে।
পায়ে হেটে চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে কৃষকদের উৎপাদিত পণ্য নিয়ে বাজারে যেতে কষ্ট হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সেরাজুল জানান, সড়ক খোঁড়ার ফলে তার বসত বাড়ি-ঘরসহ অনেকের বাড়ি গর্তে ভেঙে পড়ছে। এতে তারা ক্ষতির মুখে পড়েছেন। মাহমুদপুর ইউনিয়নের কাপড় ব্যবসায়ী আব্দুস সামাদ জানান, সড়কে গাড়ী বন্ধ থাকায় তার প্রতিষ্ঠানে উৎপাদিত কাপড় তিনি পরিবহনে করে নিতে পারছে না। এতে তিনি লোকসানের মুখে পড়েছেন। তিনি দ্রæত সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করার দাবি জানান। আড়াইহাজার উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, ‘জনদুর্ভোগ লাঘবে ও গুনগত মান বজায় রেখে দ্রæত সময়ের মধ্যে পাইপ স্থাপনের কাজ শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে।’
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















