যুক্তরাষ্ট্র ভিত্তিক বহুজাতিক মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডের বিক্রিত ৩০ লাখ গাড়ির ত্রুটি সারাতে ফিরিয়ে নেয়া হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) প্রতিষ্ঠানটি জানিয়েছে, গাড়িগুলোর এয়ারব্যাগ স্ফীত করার যন্ত্রের ত্রুটি সারাতে তাদের মোট ব্যয় হবে ৬শ ১০ মিলিয়ন বা ৬১ কোটি ডলার। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫ হাজার কোটি টাকা।
যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসড়ক বিভাগ গত মঙ্গলবার (১৯ জানুয়ারি) গাড়ি ফিরিয়ে নেয়ার নির্দেশ দেয়। যদিও ফোর্ড এ কার্যক্রম এড়িয়ে যাওয়ার জোর আবেদন করেছিলো। কিন্তু শুনানিতে হেরে যায় যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।
ত্রুটিটি খুবই বিরল ধরণের। কেননা এয়ার ব্যাগের স্ফীত করা বা ফুলানোর সময় ফেটে যায়। এমনকি ছোট ছোট ধাতব টুকরো বা মারাত্মক ধোয়াও ছড়িয়ে যায়। এসব বিষয় আমলে নিয়ে গাড়ির যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় যুক্তরাষ্ট্রের মোটরগাড়ি খাতের ইতিহাসের সবচেয়ে বড় অংকের গাড়ির সংস্কার কার্যক্রম হাতে নেয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রে মোট ৬ কোটি ৭০ লাখ আর বিশ্বব্যাপী ১৯ টি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের মোট ১০ কোটি গাড়ির এয়ারব্যাগ স্ফীত করার যন্ত্রের ত্রুটি সংস্কারে ফিরিয়ে নেয়া হচ্ছে।


























