কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে হারিয়েছে আর্জেন্টিনা। ৩-০ গোলের এই জয়ের ফলে কোপার শেষ চারে পৌঁছে গেছে ১৪ বারের চ্যাম্পিয়নরা। ম্যাচে হওয়া তিনটি গোলের দুইটিতে অ্যাসিস্ট করেছেন মহাতারকা লিওনেল মেসি। বাকি গোলটি করেছেন তিনি নিজেই।
আজ পেদ্রো লুডোভিকো অলিম্পিক স্টেডিয়ামে দুর্দান্ত ম্যাচ উপহার দিলেন লিওনেল মেসি। প্রায় একা হাতে জাদুকরী পারফরম্যান্সে আর্জেন্টিনাকে তুললেন সেমিফাইনালে। প্রথমে জোড়া গোল করালেন দুই সতীর্থকে, পরে নিজেই ফ্রি-কিক থেকে করলেন অবিশ্বাস্য এক গোল।
চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করে টুর্নামেন্ট শুরু করে আর্জেন্টিনা। ওই ম্যাচে ফ্রি কিকের মাধ্যমে গোল তুলেছিলেন মেসি। উরুগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতলেও গোল পাননি অধিনায়ক। যদিও গোল গুইদো রদ্রিগেজকে গোল করিয়েছিলেন তিনিই।
তৃতীয় ম্যাচে ১-০ গোলে প্যারাগুয়ের বিপক্ষে জয় পায় তারা। ওই ম্যাচে পাপু গোমেজ গোল করেন। অ্যাসিস্ট ছিল মেসির। বলিভিয়ার বিপক্ষে পাওয়া ৪-১ ব্যবধানে জয়ের দিন দুটি গোল তুলেছিলেন দলনেতা।
প্যারাগুয়ের বিপক্ষের ম্যাচটি ছাড়া প্রতিটি ম্যাচেই সেরা খেলোয়াড় নির্বাচিত হন ৩৪ বছর বয়সী এই মহাতারকা।

























