আন্তর্জাতিক ক্রিকেটে মুস্তাফিজুর রহমান খেলছেন অনেক দিন ধরেই। বাংলাদেশ জাতীয় দলের পেস বিভাগের নেতৃত্বও এখন দিয়ে থাকেন তিনি। আইপিএলসহ বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলেছেন তিনি। শরিফুল ইসলামের মতো তরুণদের কাছে মুস্তাফিজ এখন আদর্শ।
তাই মুস্তাফিজের কাছ থেকে তরুণদের শেখার আছে অনেক কিছু। সেটিই জানালেন জাতীয় দলের তরুণ সদস্য শরিফুল ইসলাম। তার কাছে মুস্তাফিজ অনেকটাই কোচের মতো। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে রোববার মাঠে নামবে টাইগাররা। তার আগে পাঠানো এক ভিডিও বার্তায় এমনটিই জানিয়েছেন শরিফুল।
তিনি বলেন, ‘মুস্তাফিজ ভাই এখন একটু ইনজুরড। উনি না থাকাতে দলে একটু চাপ আছে। আমি চেষ্টা করতেছি সেটা যেন না থাকে। আর সবসময় মুস্তাফিজ ভাই আমাকে অনুশীলন বা ম্যাচের পর যদি কোনো বাজে বল করি। পরে বলেন যে এগুলো না করলে ভালো হয়, এটা ভুল হয়েছে। অনুশীলনে কোনো ভুল হলে উনি অনেকটা কোচের মতোই শিখিয়ে দেন।’
জাতীয় দলের সঙ্গে পেস বোলিং কোচ হিসেবে কাজ করছেন ওটিস গিবসন। অনেক দিন ধরেই এই দায়িত্বে আছেন তিনি। শরিফুল জানিয়েছেন, তার সঙ্গেও কাজ করছেন তিনি। ব্যাটসম্যানদের কীভাবে পড়ে ফেলা যায় এ নিয়ে গিবসনের সঙ্গে কাজ করছেন এই তরুণ পেসার।

























