বাংলাদেশ দলের সাফল্য হোক বা ব্যর্থতা, সবখানে সরব উপস্থিতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের। খেলোয়াড়দের সমর্থন দেওয়া থেকে দুয়ো দেওয়া, কোনকিছুতেই রাখঢাক নেই তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়া ঐতিহাসিক সিরিজ জয়ের পরেও গণমাধ্যমের মুখোমুখি তিনি। এমন জয়ের পর দর্শক আর সমর্থকদের জন্য মন পুড়লো তার।
শুক্রবার অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ জয়ের সঙ্গে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ দল। এরপর মিরপুরেই সংবাদমাধ্যম কর্মীদের মুখোমুখি হন পাপন। জয়ের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে বিসিবি সভাপতি বলেন, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হলেও স্বাগতিক হওয়ার সুবিধা পায়নি টাইগাররা।
পাপন জানান, ‘হোম গ্রাউন্ডের সুবিধা আমরা পেয়েছি, কিন্তু সত্যি বলতে আমরা ঘরের মাঠের সুবিধা পায়নি। এটা কিন্তু শুধু পিচ না, দর্শক, সাপোর্টার, এরাই তো ছিল না। মাঠে ভর্তি সাপোর্টার থাকলে সাহস থাকে মনে, এটা কিন্তু এবার ছিল না।’
করনোভাইরাসের কারণে ঘরের মাঠে এখনো দর্শক ফেরায়নি বিসিবি। এবার অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসতে যতগুলো শর্ত দিয়েছিল, তার একটি ছিল, যে মাঠে খেলা হবে, সেখানে থাকবে না কোনও দর্শক উপস্থিতি।

























