লিওনেল মেসিতে মেতেছে প্যারিস। বার্সার সাথে সম্পর্কচ্ছেদ করে পাড়ি জমিয়েছেন এই শহরের ক্লাব পিএসজিতে। ৩৪ বছর বয়সী মেসি সপরিবারে বর্তমানে অবস্থান করছেন প্যারিসের বিলাসবহুল হোটেল লে রয়্যাল মনোসোতে।
নতুন ক্লাবে নতুন রংয়ের পোশাক গায়ে জড়ানোর পর নতুন সতীর্থদের সাথে মিলন পর্ব। সে পর্বে একে একে হাত মেলালেন সব সতীর্থের সঙ্গে, বুকেও জড়িয়ে নিলেন। কাউকে কাউকে তো একটু বেশি করেই এঁটে নিলেন বুকের সাথে। তাকেও কেউ কেউ শক্ত করে চেপে ধরলেন বুকে। সেখানে এগিয়ে এসে হাত মেলানোর পর বুকে জড়িয়ে নেয়ার পর খানিকটা খোশগল্পও করলেন সার্জিও রামোস।
লা লিগার দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের অধিনায়ক এখন পিএসজিতে। বেশ কয়েক সপ্তাহ আগেই রামোস পিএসজির সঙ্গে চুক্তি করে ফেলেছেন।
ফরাসি সংবাদমাধ্যম এল পাইস’এর প্রতিবেদন অনুযায়ী, রামোস মেসিকে বলেছেন, তিনি যদি হোটেলে থাকতে না চান তাহলে সপরিবারে তার বাড়িতে যেন ওঠেন।
এভিনিউ হোশেতে অবস্থিত এই হোটেলটি শ্যাম্পস এলিসিসের একেবারে কাছে এবং চুক্তি করার পর রামোস অল্প সময়ের জন্য সেখানেই ছিলেন। জানা গেছে, স্প্যানিশ সেন্টার ব্যাক পরে উঠেছেন নিউলি-সুর-সেইনের একটি বাসায়, যেখানে অ্যাঞ্জেল ডি মারিয়া ও মারকুইনহোসরা থাকেন।


























