লিওনেল মেসি নেই মানে বার্সেলোনার অর্ধেক শক্তিই যেন নিমিষে শেষ হয়ে গেছে। কিন্তু বাস্তবতাকে তো আর অস্বীকার করার উপায় নেই। সব কিছু পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে বার্সার বর্তমান কোচ, খেলোয়াড় এবং বোর্ডকে। সে কথাই বারবার বলছিলেন কোচ রোনাল্ড কোম্যান, সভাপতি হুয়ান লাপোর্তাসহ সংশ্লিষ্ট সবাই।
এরই মধ্যে লা লিগা মৌসুম শুরু হয়ে গেছে এবং নিজেদের প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-২ গোলের বড় জয় দিয়ে শুভ সূচনা করেছে বার্সা। তবে ইউরোপিয়ান দলবদলের বাজার এখনও চলমান। আর দুই সপ্তাহ পর বন্ধ হয়ে যাবে এবারের মৌসুমের দলবদল। তার আগেই একাদশ ঠিক করতে বার্সেলোনার টেবিলে ৩২টি নামের একটি তালিকা জমা দিয়েছেন কোচ রোনাল্ড কোম্যান।
তবে, শঙ্কার কোনো কারণ নেই যে- বর্তমান স্কোয়াডের ফুটবলারদের বাদ দেয়া হচ্ছে না। মূলতঃ বার্সায় বর্তমান যে স্কোয়াড রয়েছে তাদেরকে নিয়েই ৩২ জনের তালিকা তৈরি করেছেন কোচ রোনাল্ড কোম্যান। এরমধ্যে রয়েছেন বার্সেলোনার ফুটবল একাডেমি লা মাসিয়ার বেশ কয়েকজন উদীয়মান ফুটবলারও। আবার যে ক’জন ফুটবলারের ক্লাব ছাড়ার সম্ভাবনা রয়েছে, তাদের নামও তিনি রেখেছেন এই তালিকায়।
অর্থ্যাৎ, সেরা একাদশ তৈরি করতে এই ৩২ জনেরই পরীক্ষা নিতে চান কোম্যান। এদের থেকেই বাছাই করবেন সেরা স্কোয়াড। সেখান থেকে বের করবেন সেরা একাদশ। কিংবা রোটেশন পদ্ধতিতে ম্যাচ বাই ম্যাচ একাদশ তৈরি করবেন তিনি।
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামার আগেই জেরার্ড পিকে তার পারিশ্রমিক কমিয়ে আনার প্রস্তাবে রাজি হন। যে কারণে বার্সা মেমপিস ডিপে এবং এরিক গার্সিয়ার ব্যাপারে চুক্তির শর্ত পূরণ করতে পেরেছিলো এবং রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামতে পেরেছিল তারা। তবে রোনাল্ড কোম্যানের সেরা একাদশ এখনও পর্যন্ত ঠিক হয়নি। যে কারণে তিনি এখন মাঠে নেমেছেন সেই একাদশ ঠিক করার জন্য।


























