চাঁদপুর শহরের মূলহেডের কাছে মেঘনা ও ডাকাতিয়া নদী মোহনায় লঞ্চের ধাক্কায় শুক্রবার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় নিখোঁজ এক ট্রলারযাত্রীকে উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড চাঁদপুর শহরের মূলহেডের কাছে মেঘনা ও ডাকাতিয়া নদী মোহনায় লঞ্চের ধাক্কায় শুক্রবার ট্রলার ডুবে গেছে। চাঁদপুর শহরের কাছে মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এতে ট্রলার থেকে পড়ে গিয়ে এক নারী যাত্রী নিখোঁজ রয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। ঘটনার পর লঞ্চটি আটক করেছে পুলিশ। নিখোঁজ ওই নারী যাত্রীর নাম নাছিমা বেগম (৩৫)। তিনি চাঁদপুর শহরের তারাবুনিয়া এলাকার সালেহ আহমদের স্ত্রী। নিখোঁজ নাছিমা আক্তারের আত্মীয়ের ছেলে জয়নাল আবেদিন বলেন, তাঁরা বৌভাতের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ট্রলারে শরীয়তপুর থেকে চাঁদপুরে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টায় শরীয়তপুর থেকে যাত্রীবাহী লঞ্চ এমভি লামিয়া ঢাকায় যাওয়ার পথে মেঘনা ও ডাকাতিয়া মোহনায় তীব্র স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলারকে ধাক্কা দেয়। এতে ১০ থেকে ১২ জন যাত্রীসহ ট্রলারটি নদীতে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা সব যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নাছিমা বেগম (৩৫) নিখোঁজ হন। এ ছাড়া এ ঘটনায় আহত চার ট্রলারযাত্রীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কোস্টগার্ড, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবরি দল নিখোঁজ যাত্রীর সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে আরও জানা গেছে, ঘটনার পর যাত্রীবাহী ট্রলারে ধাক্কা দেওয়া লঞ্চটি দ্রুত ঢাকার দিকে চলে যাওয়ার পথে নৌ পুলিশ মোহনপুর এলাকা থেকে এটিকে আটক করে।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক কায়সারুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক নিখোঁজ যাত্রীর সন্ধান চালিয়ে যাচ্ছি। দুর্ঘটনার জন্য দায়ী লঞ্চটি আটক করা হয়েছে। এ ঘটনায় নৌ পুলিশ মামলার প্রস্তুতি নিচ্ছে।’




















