ডিজেল ও কেরোসিনের দাম এক লাফে লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে সারাদেশের ন্যায় নওগাঁতেও শুরু হয়েছে পরিবহন ধর্মঘট। এদিকে পরিবহন ধর্মঘট থাকায় শুক্রবার থেকে চলছে না বাস। ফলে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় বিকল্প পরিবহনের খোঁজে দিশেহারা যাত্রীরা।
সিএনজি, রিকশা, অটোরিকশা জেলার অন্যান্য উপজেলা সহ আশে পাশের জেলাগুলোতে গেলেও ভাড়া গুনতে হচ্ছে দ্বিগুন বলে অভিযোগ করেন সাধারন যাত্রীরা।
শনিবার সকাল থেকে শহরের বালুডাঙ্গা-ঢাকা বাসস্ট্যান্ড, মুক্তির মোড়, গোস্তহাটির মোড়, তাজের মোড় ঘুরে এমন চিত্র দেখা যায়। নওগাঁ থেকে বগুড়া শহরে গামী এক যাত্রী জানান, বাস বন্ধ থাকায় চরম সমস্যার মধ্যে পরেছি। নওগাঁ থেকে বগুড়া যাবো সিএনজিতে ভাড়া চাচ্ছে ১৫০ টাকা ও ব্যাটারিচালিত অটোরিকশা (টমটমে) চাচ্ছে ১২০ টাকা।তারপরেও যাত্রী ফুল না হলে অপেক্ষা করতে হচ্ছে।
নওগাঁর মান্দা ফেরিঘাট থেকে নওগাঁতে আসা নাজমুল হুদা নামে একজন ব্যাবসায়ির সাথে কথা বললে তিনি বলেন, আসতে ৫০ টাকার ভাড়া নিল ৯০ টাকা।
শহরের ঢাকা বাসস্ট্যান্ডে অবস্থানরত ব্যাটারি চালিত অটোরিকশা (টমটম) চালক রানা হোসেন এর সাথে ভাড়া বৃদ্ধির ব্যাপারে কথা হলে তিনি জানান, বাস চলছে না এজন্য সিএনজিতে ও টমটমে চাপ বেশি। এরপর অনেক সিএনজি/টমটম ভয়ে রোডে নামেনি। ফলে ভাড়া কিছুটা বেশি নিতে হচ্ছে।
এ বিষয়ে পরিবহন মালিক এবং শ্রমিক নেতাদের সাথে যোগাযোগ করা হলে তারা মোবাইল ফোনে জানান, বাংলাদেশের ইতিহাসে একবারে তেলের দাম ১৫ টাকা কোনোদিন বাড়েনি। এটি মেনে নেয়া আমাদের পক্ষে অসম্ভব। কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক জেলার সকল পরিবহন বন্ধ রয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত আমাদের মেনে চলতে হবে।




















