টাঙ্গাইলে শিক্ষার্থীদের টিকাদান কেন্দ্র গুলোতে সকাল থেকেই উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। শুক্রবার শিক্ষার্থীদের সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কেন্দ্রে গুলোতে অতিরিক্ত ভীর সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে স্বাস্থ্যবিভাগকে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশের সহায়তা নেয়া হচ্ছে। শিক্ষার্থীদের উপস্থিতি থাকলে নির্ধারিত সময়ের পরেও টিকা কার্যক্রম চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন।
জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা যায়, নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে টাঙ্গাইলে শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু হয়েছে। ২০ ফেব্রæয়ারি পর্যন্ত ১৩ টি কেন্দ্রে তিন লাখ ৮৮ হাজার ৯০০ শিক্ষার্থীকে ফাইজারের প্রথম ডোজ দেয়া হয়েছে। শুক্রবার পর্যন্ত প্রায় চার লাখ শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে।
শুক্রবার সকালে সরেজমিন ঘুরে দেখা যায়, টাঙ্গাইল শহরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের নিচ তলায় শিক্ষার্থীদের টিকা দেয়া হচ্ছে। স্বাস্থ্য বিভাগের আটজন কর্মী ছাত্রীদের ও আটজন কর্মী ছাত্রদের টিকা দিচ্ছে। টিকা কার্যক্রমে রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যসহ ৩৭ জন স্বেচ্ছাসেবী সহযোগিতা করছে। কেন্দ্রের বাইরে ছাত্র ও ছাত্রীদের আলাদা দুটি লাইন করা হয়েছে। শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান সাপ্তাহিক ছুটি হওয়ায় টিকা গ্রহীতাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। এতে কোন কোন শিক্ষার্থীকে দুই থেকে আড়াই ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
টিকা নিতে আসা কালিহাতী উপজেলা মগড়া পালস বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ফারজানা আক্তার বলেন, সকাল থেকেই দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি। আমিও প্রায় দুই ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি। এতে ভ্যাপসা গরমে কষ্ট হচ্ছে।
১০ শ্রেণীর ছাত্রী জুই আক্তার বলেন, সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে আছি। আমার সামনে শত শত ছাত্রী। সারাদিনে টিকা নিতে পারবো কিনা তা জানি না। তবে টিকা কর্মীর সংখ্যা বাড়ালে আমাদের জন্য ভাল হয়।
ছাত্র শাকিল আহমেদ বলেন, স্কুল বন্ধ থাকায় আজকে টিকা কেন্দ্রে এসেছি। আমার মতো অনেকেই এসেছে। ভীড়ের কারণে লাইনে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। প্রথম ডোজ টিকা নিবো তাই একটু ভয়ও করছে।
একই চিত্র দেখা গেছে জেলা সদরের রাবেয়া বসরী মহিলা মাদ্রাসা কেন্দ্রে। সেখানে স্বাস্থ্যবিভাগে ৬ জন টিকা কর্মী ও ১০ জন স্বেচ্ছাসেবী মাদ্রাসার ছাত্রীদের টিকা দিচ্ছে।
এ প্রসঙ্গে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন খান বলেন, জেলায় টিকাদান কর্মসূচি জোরদার করতে শুক্রবারেও টিকা দেয়া হচ্ছে। গত কয়েকদিন ধরেই টিকা কেন্দ্র গুলোতে অতিরিক্ত ভীর পরিলক্ষিত হচ্ছে। সে অনুযায়ী আমরা টিকা কেন্দ্রে কর্মীর সংখা বাড়িয়েছি। পরিস্থিতি সামাল দিতে পুলিশের সহায়তা নেয়া হচ্ছে। এছাড়াও শনিবার টাঙ্গাইলে গণটিকার আওতায় এক লাখ নয় হাজার ৮০০ জনকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর





















