আফগানদের বিপক্ষে আজ জিততে পারলেই দেরাদুনের মধুর প্রতিশোধ নেয়া হবে টাইগারদের। চার বছর আগে ভারতের দেরাদুনে আফগানদের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। জবাবে টাইগাররা ২-০ ব্যবধানে ‘বাংলওয়াশ’ করতে পারবে আফগানদের?
আশাবাদী ভক্ত-সমর্থকরা। চোখের সামনে সে স্মরণীয় সাফল্য দেখতে আজ শনিবার দ্বিতীয় ম্যাচেও হোম অব ক্রিকেটে ছুটে এসেছেন হাজার হাজার ক্রিকেট অনুরাগী। যার ফলে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হাজার হাজার দর্শকের কলতানে মুখর শেরে বাংলা স্টেডিয়াম।
ম্যাচের প্রথম ঘণ্টা পার না হতেই গ্র্যান্ডস্ট্যান্ড দর্শকে পরিপূর্ণ। গ্র্যান্ডস্ট্যান্ডের দু’দিকে নর্দান আর সাউদার্ন এনক্লোজারও দর্শকে ঠাসা। রোদ মাথায় পূর্ব দিকের গ্যালারিতেও হাজার হাজার দর্শক। বিকাল পৌনে ৪টা নাগাদ শেরে বাংলার অন্তত ৮০ ভাগ আসন দর্শকে ভরে যায়।
কোভিড-১৯ এর কারণে মাঝে বেশ অনেকদিন মাঠে অবাধ দর্শক আসায় ছিল নিষেধাজ্ঞা। আগের ম্যাচে সে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার ফলে ছুটে আসেন অন্তত হাজার কুড়ি দর্শক। আজও প্রথম ঘণ্টা যেতে না যেতেই দর্শক উপস্থিতির সংখ্যা বিশ হাজার ছাড়িয়ে গেছে।
তবে আগের ম্যাচে গাঁটের পয়সা খরচ করে মাঠে আসা ভক্ত-সমর্থকরা লিটন দাসের ব্যাটিং আর নাসুম আহমেদ, শরিফুল ও সাকিব আল হাসানের বোলিং প্রাণ ভরে উপভোগ করেছিলেন। আজ তেমনটা পারছেন না। কি করে পারবেন? ৪৫ রানেই খোয়া গেল ৪ উইকেট। ৮৮ রানে গেল পঞ্চম উইকেট। সেরা সেরা ব্যাটাররা চলে গেলেন আফগান বোলারদের ঘূর্ণির ফাঁদে পড়ে।
শেষ পর্যন্ত কি হবে, তা বলে দেবে সময়। তবে বাংলাদেশ ইনিংসের অর্ধেক যাওয়ার আগেই ৪ টপ অর্ডার মুনিম শাহরিয়ার, নাঈম শেখ, লিটন দাস আর সাকিব আল হাসান সাজ ঘরে ফেরায় শেরে বাংলায় কোলাহল কিছুটা কমেছিল বৈকি। যদিও পরে মুশফিক-আর মাহমুদউল্লাহর ব্যাটে সেই কোলাহল পূর্ণ উদ্যমে ফিরে এসেছে। প্রতি শট, প্রতিটি বাউন্ডারি তারা উপভোগ করছেন প্রাণভরে, হৈ-হুল্লোড় আর আনন্দ-উল্লাস করে।
বিজনেস বাংলাদেশ/ এ আর
























