সুনামগঞ্জ সদর উপজেলার জাকুয়ান আহমদ নামের এক নাগরিকের ভোটার আইডি কার্ডে জন্মস্থান সুনামগঞ্জের বদলে ‘তুরস্ক’ লিখে দিয়েছে নির্বাচন অফিস। এতে বিড়ম্বনায় পড়েছেন ওই নাগরিক। জরুরি কাজে ‘সত্যায়ন’ ও বিভিন্ন স্থানে ভোটার আইডি কার্ড ‘প্রদর্শন’ করতে গিয়ে তিনি সমস্যায় পড়েছেন।
ভুক্তভোগী ওই নাগরিকের সঙ্গে কথা বলে জানা গেছে, সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের শাখাইতি গ্রামের রফিক উল্লাহর ছেলে জাকুয়ান আহমদ প্রাপ্ত বয়স্ক হিসেবে ভোটার আইডি কার্ডের আবেদন করার পর নির্বাচন কমিশন তাকে ভোটার আইডি কার্ড প্রদান করে। ভোটার আইডি কার্ডে নাম ঠিকানা ঠিক থাকলেও অপর পৃষ্টায় জন্মস্থান কলামে ‘সুনামগঞ্জের স্থলে লেখা রয়েছে তুরস্ক’। এতে নানামুখি বিড়ম্বনায় পড়েছেন তিনি। গতকাল ১ আগস্ট তিনি ভোটার আইডি কার্ড নির্ভূল করতে জেলা নির্বাচন অফিসে ছুটে যান। তখন কর্মকর্তারা তাকে ভোটার আইডি কার্ড সংশোধনের দ্রুত আশ্বাস দিলে তিনি ফিরে আসেন।
জাকুয়ান আহমদ বলেন, আমার ভোটার আইডি কার্ডে সব কিছু ঠিকঠাক আছে। কিন্তু জন্মস্থানে কেবল তুরস্ক লেখা। এতে আমি নানা বিড়ম্বনায় পড়েছি। নির্বাচন অফিসে যোগাযোগ করার পর তারা শফটওয়ার ঘেঁটে জানিয়েছেন দ্রুত সমাধান হয়ে যাবে। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত আমি চেক করেও আগের মতো রয়ে যেতে দেখেছি।
সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার উত্তম কুমার রায় বলেন, শফটওয়্যারের সমস্যার কারণে এটি হয়েছে। তবে ওই ভুক্তভোগী তরুণ এই সমস্যা নিয়ে আমাদের সঙ্গে দেখা করার পর আমরা তা সংশোধস করে দিয়েছে। এখন অনলাইনে তার আইডি কার্ড যথাযত দেখাচ্ছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















