কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় জাহিদ হোসাইন নামে (৩২) এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জাহিদ হোসাইন নাটক ও টেলিফিল্মের তরুণ চিত্রগ্রাহক। তিনি খুলনা জেলার বাসিন্দা বলে জানা গেছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়াছড়ায় দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, চাঁদপুরের নাঈম গাজী ঢাকার হাতিরঝিলে ও খুলনার জাহিদ হোসাইন ঢাকার বনশ্রীতে বাসা ভাড়ায় থাকেন। তাঁরা দু’জনই চিত্র গ্রাহকের কাজ করেন। দু’জন পরস্পর বন্ধু। তারা দুই বন্ধু মঙ্গলবার রাত সোয়া ১০ টার দিকে রাজধানীর মগবাজার থেকে পৃথক দুটি বাইকে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু সেই যাত্রায় তরুন চিত্রগ্রাহক জাহিদ হোসাইনের জীবনের শেষ যাত্রা হলো সড়ক দূর্ঘটনায়।
চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ মোরশেদুল আলম ভুঁইয়া বলেন, জাহিদ ও নাঈম দুই বন্ধু পৃথক দুটি বাইকে করে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিলো। তারা বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের কক্সবাজারের চকরিয়ার বানিয়াছড়া এলাকায় পৌঁছলে একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে বিপরীত মুখী সৌদিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় জাহিদ নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার শরীর থেকে পা আলাদা হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘সৌদিয়া পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত জাহিদের মরদেহ বিকেল ৫টায় হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে। এ ঘটনার ব্যাপারে নিহত জাহিদের আত্নিয়রা মামলা না করলেও আমরা(হাইওয়ে পুলিশ) মামলা করবো।’
জাহিদের মৃত্যুর খবরে সোশ্যাল মিডিয়ায় তার ফেসবুক ওয়াল যেন এক শোকবই। সহকর্মী থেকে শুরু করে পরিচিত অনেকেই তার মৃত্যুতে শোক জানিয়েছেন। তার মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
গুণী অভিনেত্রী মনিরা মিঠু লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সবার প্রিয় সিনেমাটোগ্রাফার জাহিদ হোসাইন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। স্তব্ধ হয়ে গেলাম। এ কেমন চলে যাওয়া?’
অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘কতবার নিষেধ করেছিলাম, ভাই বাইকের পাগলামী বাদ দেন। শুনলেন না কথাটা। কতবার বুঝালাম, বাংলাদেশের রাস্তা বাইকের জন্য না। কি লাভ হলো ভাই? বলেন কি লাভ হলো? মানতে পারছি না ভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
স্মৃতিচারণ করে অভিনেত্রী সামিরা খান মাহি লিখেছেন, ‘কিছুদিন আগেই তো দেখা হয়েছিল। দেখা হলে কি সুন্দর একটা মুচকি হাসি দিতেন আপনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
অন্যদিকে রিয়াদ খান নামে নেটিজেনদের একজন জাহিদের সড়ক দুর্ঘটনার পরবর্তী একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘আমার ট্রাভেল রাইড পার্টনার জাহিদ হোসাইন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
তিনি আরও লেখেন, ‘পোস্টটি কিভাবে দিবো ঠিক বুঝতে পারছি না। কিছু লিখতেও পারছি না। কক্সবাজার যাওয়ার পথে চকরিয়ায় ভোর ৬:৩০ মিনিটে কিছু অসাধু বাস ড্রাইভারের জন্য বন্ধুর প্রাণটা চলে গেলো। আল্লাহ আপনি তাকে জান্নাতবাসী করুন।’
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















