নওগাঁয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার উদ্যোগে রুকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০২৭-২০২৮ কার্যকালের জন্য জেলা জামায়াতের আমির নির্বাচনের লক্ষ্যে সদস্যদের মতামত গ্রহণ করা হয়।
সকাল ৯টায় নারী সদস্যদের এবং বেলা ১১টায় পুরুষ সদস্যদের নিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। নওগাঁ জেলা জামায়াতের আমির খ.ম. আব্দুর রাকিবের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় সংসদের হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম।
সম্মেলনে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ইঞ্জিনিয়ার ইনামুল হক এমপি, জেলা নায়েবে আমির ও নওগাঁ পৌরসভার মেয়র পদে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মহিউদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট এএসএম সায়েম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দিন, নাজমুল হোসাইন, মারুফ আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, বর্তমান সরকারের কর্মকাণ্ডে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। বছর না পেরোতেই সরকারের বিরুদ্ধে পতনের দাবি উঠতে শুরু করেছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বাংলার মানুষ আর কোনো ফ্যাসিবাদ দেখতে চায় না। চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস ও দলবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় জনগণ আগের মতোই এই সরকারকে শিক্ষা দেবে।
তিনি আরও বলেন, জামায়াতের সদস্যদের মেধা, নৈতিকতা, যোগ্যতা ও তাকওয়ার সমন্বয়ে সমাজ পরিচালনার নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।
সম্মেলন-সংক্রান্ত এসব তথ্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার প্রচার বিভাগ থেকে জানানো হয়েছে।
ডিএস./




















