ক্ষণস্থায়ী এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ হাজারো স্বপ্ন বোনে। সেই স্বপ্ন বাস্তবায়নের আগেই হঠাৎ থেমে গেলে নিরুপায় হয়ে পড়ে জীবন। তেমনই একজন কুড়িগ্রামের রৌমারী উপজেলার জিগ্নিকান্দী গ্রামের মৃত মজিবরের মেয়ে জরিনা খাতুন। অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে আদি জালে মাছ শিকার করে সংসার চালান তিনি।
২৫ বছর আগে গাইবান্ধার জান্দুরপুর গ্রামের মৃত নায়েব আলীর সাথে বিয়ে হয় জরিনার। স্বামী মারা যান ১৭ বছর আগে। এর পর থেকে তার জীবন দুঃখে ভরা।
জিগ্নিকান্দী গ্রামের এই নারী ৫৫ বছর বয়সে বন্দবেড় ইউনিয়নের সোনাভরী শাখা নদীতে আদি জালে মাছ শিকার করেন। তা বিক্রি করেই চলে তার সংসার। মাঝেমধ্যে মা ও একমাত্র ছেলেকে নিয়ে অনাহারে থাকতে হয়। নিজের জমি-ঘর-বাড়ি বলতে বর্তমানে কিছুই নেই তার।
মাছ শিকারি নারীর সংখ্যা খুব বেশি নয়। তবু ছেলের ওপর নির্ভরশীল না হয়ে এ পেশাকেই বেছে নিয়েছেন জরিনা। সাহসী এই পথচলায় তাকে সহ্য করতে হয়েছে অনেকের হাসি-ঠাট্টা।
প্রতিদিন সকালে জরিনা বেরিয়ে পড়েন মাছ সংগ্রহ করতে। কখনো মাছ না পেলে অন্যের বাড়িতে কাজ করে যা পান, তাই নিয়ে ঘরে ফেরেন। তার ছেলে মামুন অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। বর্তমানে অভাবের কারণে বাস-গাড়িতে কাজ করেন। সামান্য যা উপার্জন হয়, তা দিয়ে নিজের প্রয়োজন মেটান। দ্রবমূল্যের দাম বাড়ায় আরো কঠিন হয়ে পড়েছে তাদের জীবন। তিন বেলার খাবার নিয়েও এখন দুশ্চিন্তায় থাকতে হয়।
সংগ্রামী জরিনার সাথে কথা হলে তিনি জানান, কিশোরী বয়সে তার বিয়ে হয় নায়েব আলীর সাথে। স্বামীর মৃত্যুর পর বাড়ি-ভিটা না থাকায় মায়ের বাড়িতে চলে যান। পরে জীবিকার জন্য মাছ শিকারকে পেশা হিসেবে নিয়েছেন তিনি। কষ্ট হলেও এই পেশাকে তিনি সম্মান করেন। জরিনা দেশের সব নারীকে বলেন, নিজের কাজকে ভালোবাসা উচিত। লোকে কী বলল, সেদিকে কান না দিয়ে কাজ করে সামনের দিকে এগিয়ে যাওয়াই সবচেয়ে সম্মানের।
তার মা জহেরা খাতুন (৭০) বলেন, ‘আমার মেয়েটার কপালে বিধাতা দুঃখ লিখেছিলেন। জানি না সুখ আছে কি না। তবে বাঁইচা থাকতে মেয়েটার জন্য কিছু একটা করতে পারলে মইরাও শান্তি পাইতাম। ’
শহর কিংবা গ্রামে জরিনার মতো কষ্টে বেঁচে আছেন অনেক সংগ্রামী নারী। কর্মসংস্থানের সুযোগ পেয়ে স্বাবলম্বী হন অনেকে। কিন্তু অভাবে অনিশ্চয়তায় দিন কাটে জরিনার। সামান্য সহযোগিতা পেলে হয়তো তিনিও স্বাবলম্বী হতে পারেন।
























