জামালপুরে ধর্মীয় সম্প্রীতি সচেতনতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় সাম্প্রদায়িক সম্প্রীতি, মাদক, সন্ত্রাস, যৌতুক,নারী নির্যাতন, এবং বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (৩১অক্টোবর) ধর্ম মন্ত্রনালয়ের আয়োজনে জামালপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত আন্ত:ধর্মীয় সংলাপে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো: মুশফিকুর রহমান, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্যে সাম্প্রদায়িক বিষবাক্য ছড়ানো হয়। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলার জন্য ৩০ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, সে সময় বাংলাদেশের স্বাধীনতায় কিছু মানুষ বিরোধীতা করেছে। তাদের মধ্যে মসজিদের ইমাম, আলেম এবং মাদ্রাসা শিক্ষক। তারা ইসলামের কথা বলে, পাকিস্তান মানে মুসলমান, আর বাংলাদেশ যে নতুন শব্দ আসেছে জয়বাংলা, নামে সেটা হলো হিন্দু, এধরনের বিভিন্ন ফতোয়া দিয়েছে। এই ফতোয়া দেওয়া মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, তারা এখনো বাংলাদেশে রয়েছে। তারাই সাম্প্রদায়িকতার বিষ বাক্য এখনো ছড়াচ্ছে। জামালপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্ত:ধর্মীয় সংলাপে তিনি এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যে দলই বক্তব্য দেই, সব বক্তব্যের উপরে যারা ধর্মীয় গুরু রয়েছেন, তারা যদি তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে সাম্প্রদায়িকতা বিরোধী আলোচনা করেন, তবে সম্প্রীতির, সোনার বাংলা অবশ্যই প্রতিষ্ঠিত হবে।






















