তুরস্কে সামাজিক বিজ্ঞান, কলা ও শিক্ষা বিষয়ক এক আর্ন্তজাতিক সম্মেলনে বাংলাদেশের তিনজন বিশ্ববিদ্যালয় শিক্ষক অংশ নিয়েছেন। এ ছাড়া অংশ নিয়েছেন একজন গবেষক।
গত ২১ ও ২২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল শহরে ফেনারবেইশ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। সম্মেলন শেষে ২৭ অক্টোবর তারা দেশে ফেরেন।
অংশ নেওয়া তিন শিক্ষক হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম, বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রওনক আরা পারভীন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ইখতিয়ার উদ্দিন ভুঁইয়া। এ ছাড়া গবেষক হিসেবে সাংবাদিক ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাবেক অতিথি শিক্ষক গোলাম রাব্বানী এতে অংশ নেন।
সম্মেলনের আগে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রভাষক রওনক আরা পারভীন সারসংক্ষেপ পাঠান। সেটি গৃহীত হলে তাকে সম্মেলনে প্রবন্ধ উপস্থাপনের জন্য আয়োজকরা আমন্ত্রণ জানান। সম্মেলনে তিনি ‘পোস্ট-পার্টাম নলেজ অ্যান্ড প্র্যাকটিসেস অ্যামোং অ্যাডোলসেন্ট মাদারস অব নর্দান বাংলাদেশ’ শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। তার গবেষণা সম্মেলনে প্রশংসিত হয়।
এই সম্মেলনে অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, ইউক্রেন, জর্জিয়া, সার্বিয়া, রোমানিয়া, মেসিডোনিয়া, ক্রোয়েশিয়া, জাপান, কিউবা, সৌদিআরব, লেবানন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ ২৫টি দেশ থেকে ১২০ জন শিক্ষক ও গবেষক অংশ নেন। সম্মেলন শেষে কৃষ্ণ সাগর ও মর্মরসাগর সংযুক্তকারী বসফরাস প্রণালিতে মনোমুগ্ধকর ইয়াচ ভ্রমণের আয়োজন করা হয়।




















