নোয়াখালীতে যমজ শিশু জন্মের পর অপারেশন থিয়েটার থেকে এক নবজাতক চুরির অভিযোগ উঠেছে। রোববার (৬ নভেম্বর) সকালে জেলার সোনাইমুড়ী উপজেলার গ্রীন লাইফ হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার জানায়, শনিবার দিবাগত রাতে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের বিপুলাসার গ্রামের গৃহবধূ তানিয়া আক্তারের (২২) প্রসব বেদনা উঠলে পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার গ্রীন লাইফ হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। এসময় চিকিৎসক আলট্রাসনোগ্রাফি করালে একটি ছেলে ও একটি মেয়ের বিষয়ে নিশ্চিত হন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ রক্ত আনতে প্রসূতির স্বামীকে বাহিরে পাঠায়। তিনি বাহির থেকে এলে শুধু মেয়ে নবজাতককে দেওয়া হয়।
প্রসূতির স্বামী সামছুল আলম অভিযোগ করে বলেন, ‘অপারেশন থিয়েটার থেকে ছেলে নবজাতককে সরিয়ে ফেলা হয়েছে। আমি আমার বাচ্চা ফেরত চাই। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিব।’
গ্রীন লাইফ হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের কর্তব্যরত চিকিৎসক উম্মে হাবীবা বলেন, ‘আলট্রাসনোগ্রাফি রিপোর্ট সঠিক না আসায় এ ভুল বোঝাবুঝি হয়েছে।’
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, ‘অভিযোগের আলোকে নবজাতক চুরির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’




















