‘সড়ক দুর্ঘটনা রোধে শুধু চালকদের সচেতন হলে চলবে না, চালকের পাশাপাশি যাত্রী ও পথচারীকে সচেতন হতে হবে। কোনো দুর্ঘটনা ঘটলে কেবলমাত্র চালকদের দোষী বলা ঠিক নয়। দুর্ঘটনার ক্ষেত্রে যাত্রীদেরও খামখেয়ালিপনা থাকে।’
আজ শুক্রবার দুপুরে মাদারীপুর শিল্পকলা একাডেমিতে জেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
মন্ত্রী বলেন, ‘কেউ কেউ রাস্তা পার হওয়ার সময় মোবাইলে কথা বলেন, আবার কেউ কেউ জানালার বাইরে হাত রেখে গাড়িতে যাতায়াত করেন। এ কারণেই অনেক দুর্ঘটনা ঘটে, এসব বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।’
সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ছগির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।
সম্মেলনে মাদারীপুরের আলহাজ্ব আমিনউদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আকমল হোসেনকে সভাপতি ও কয়ারিয়া ঈদগাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লালমিয়া জমাদারকে বাংলাদেশ শিক্ষক সমিতির মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যদের কমিটি ঘোষণা দেওয়া হয়।













