গাজীপুরের কালীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে অর্ধশতাধিক নারী-পুরুষ ও শিশু আহত হয়েছে। মঙ্গলবার (০৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন ও কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে আহতের এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় জনষাধারণের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস।
আহতরা উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন ও কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা।
তিনি বলেন, সকাল থেকে কুকুরের কামড়ানো রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আসতে থাকে। তবে আহতদের মধ্যে শিশু রোগীর সংখ্যা বেশি। পাশাপাশি নারী-পুরুষও স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসার জন্য এসেছেন। যাদের অবস্থা বেশি আশঙ্কাজনক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর ও ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
কালীগঞ্জ পৌর এলাকার চৈতারপাড়া গ্রামের বাসিন্দা কুকুরের কামাড়ে আহত শিশু শাহীনের (৪) বাবা জামাল উদ্দিন বলেন, আমার ছেলে বাড়ীল উঠানে খেলা করছিল। এ সময় হঠাৎ করে একটি পাগলা কুকুর এসে তাকে কামড়ে ধরে। এমন হলে তো আতঙ্কের বিষয়।
একই এলাকার মূলগাঁও গ্রামের বাসিন্দা কুকুরের কামাড়ে আহত আড়াই বছরের শিশু ইব্রাহীম খলিলুল্লাহর বাবা আব্দুল গাফফার বলেন, আমার ছেলে ঘরে থেকে বেড়িয়ে বাড়ির গেইটে যেতেই পাগলা কুকুর তাকে কামড়ে ধরে। তার চিৎকার শুনে বেড়িয়ে দেখি এ অবস্থা। ভয়ে কেউ এগিয়েও আসে না।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামান বলেন, বিষয়টি আমার জানা ছিলনা। যেহেতু জেনেছি, সংশ্লিষ্টদের সাথে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















