শেরপুরে ধর্ষণের শিকার হয়ে বিচার না পেয়ে চিরকুট লিখে ফারিয়া ইয়াসমিন ঝিনুক (১৫) নামে এক দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৬ (নভেম্বর) বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কামারেরচর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশ গ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওইসময় তারা শিক্ষার্থী ঝিনুকের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান।
স্থানীয় ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, মেধাবী শিক্ষার্থী ফারিয়া ইয়াসমিন ঝিনুকের বাবার মৃত্যুর পর মা কমলা বেগম দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে ঝিনুক ও তার ছোট ভাই সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর দশআনী এলাকায় দাদীর বাড়িতে থেকে স্থানীয় গ্রামের একটি কিন্ডারগার্টেন স্কুলে পড়াশোনা করতো। এ সুযোগে তার আপন চাচা ওই স্কুলের শিক্ষক রাকিবুল হাসান মিন্টু তাকে জোরপূর্বক নিয়মিত ধর্ষণ করে আসছিল।
বিষয়টি ঝিনুক তার দাদা-দাদী ও তার ফুপা স্কুলের প্রধান শিক্ষক শেখ ফরিদের কাছে জানিয়েও কোন সুবিচার পায়নি। পরে ১২ নভেম্বর সকালে তার ফুপা স্কুলের প্রধান শিক্ষকের বাড়িতে গিয়ে বিচার না পাওয়ার অভিযোগ তুলে একটি চিরকুট লিখে আত্মহত্যার করেন। ঝিনুক চিরকুটে লিখে যায় ‘আমি বিচার পাইলাম না বলিয়া, আত্মহত্যা মহাপাপ জানিয়াও আমি আত্মহত্যা করিলাম’
ঝিনুকের মা কমলা বেগম বলেন, ধর্ষণের ঘটনায় কারো কাছে সুবিচার না পেয়ে তার ফুপা প্রধান শিক্ষক শেখ ফরিদের বাড়িতে আশ্রয় নেয়। কিন্তু সেখানেও বিচার না পেয়ে, তার বাড়িতেই আত্মহত্যা করে ঝিনুক। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার দাবি করছি।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ঝিনুকের মা আদালতে একটা অভিযোগ করেছেন। ঝুলন্ত লাশ উদ্ধারের পর আমরা একটি অপমৃত্যু মামলা নিয়েছি। আমরা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি। রিপোর্ট পেলেই সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।




















