বিএনপির ১ দফা ও তফশিল পরবর্তী কেন্দ্র ঘোষিত হরতাল অবরোধসহ ধারাবাহিক কর্মসূচীতে কোন প্রভাব পরেনি উপকূলীয় দ্বীপ জেলা ভোলায়। হরতাল অবরোধ কর্মসুচী চলাকালীন সময়ে কোথাও পিকেটিং করতে দেখা যায়নি বিএনপি নেতাকর্মীদেরকে। এমনকি হরতাল চলাকালে সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা বিএনপি কার্যালয়ও ছিল তালাবদ্ধ। এ সময় বিএনপি দলীয় কার্যালয়ের আশপাশসহ সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা গেলেও দেখা মেলেনি বিএনপি নেতাকর্মীদের।
ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে চলাচল করেছে যাত্রীবাহী বাস। বিভিন্ন রুটে চলছে লঞ্চ, ফেরিসহ সব ধরনের যানবাহন। সরকারি অফিস-আদালত ও স্কুল কলেজ চলছে যথানিয়মেই।বিএনপি নেতাকর্মীদের দাবি পুলিশের হামলা-মামলার ভয়ে দলীয় নেতাকর্মীরা রাস্তায় বের হতে পারছেনা। তারা পিকেটিংও করতে দিচ্ছে না।
এ বিষয়ে ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম সোমবার সন্ধ্যায় বলেন, আমাদেরকে তো পুলিশ বিএনপি কার্যালয়ে ঢুকতেই দেয়না। এ ছাড়া বিএনপি নেতাকর্মীরা পুলিশের হামলা-মামলার ভয়ে পিকেটিং করতে পারছেননা। সোমবার বিএনপি নেতাকর্মীরা পিকেটিং করার সময় অন্তত ১৫ নেতা-কর্মীকে আটক করেছে বলেও দাবি করেন বিএনপির এ নেতা।




















