ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পাছার উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে দোকানে অগ্নিকা-ে ১৩টি দোকান মালামালসহ ভষ্মীভূত হয়ে গেছে। মঙ্গলবার (২১মে) বেলা ১১ টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এসময় ভোটার ও সাধারণ মানুষ আতঙ্কে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটাছুটি শুরু করলে ৪৫ মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার সহনাটি ইউনিয়নের পাছার বাজারের পাছার উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান ছড়িয়ে পড়লে ১৩টি দোকান পুড়ে যায়। এসময় কেন্দ্রে ভোট দিতে আসা ভোটার ও জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তাঁরা নিরাপদ আশ্রয়ের জন্য ছুটাছুটি শুরু করে। এসময় পাছার উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ৪৫মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে। খবর পেয়ে গৌরীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য মঙ্গলবার সকাল ৮টা থেকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনের ৯৫টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার একেএম শফিকুল ইসলাম বলেন, বেলা ১১ টার দিকে ভোটকেন্দ্রের সামনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আমারা স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস টিমকে অবহিত করি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় ৪৫ মিনিট ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ ছিল। পাছার উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রের মোট ভোটার-২৮৯৬। ভোট কেন্দ্রের বুথ ৮টি।
পাছার বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাপ মিয়া বলেন, পাছার বাজারের ব্যবসায়ী আজিজুল ও আল-আমিনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ দুই কোটি টাকা।
গৌরীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহজাদা বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত করে বলা যাবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে।





















