ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট টাঙ্গাইলের ৮ টি সংসদীয় আসনে ১০৬৩ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশব্যাপী শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এবার ভোটাররা আলাদা দুটি ব্যালট পেপারে ভোট দিচ্ছেন। সাদা ব্যালটে সংসদ সদস্যপ্রার্থীদের এবং গোলাপি ব্যালটে গণভোট দিচ্ছেন। এবারই প্রথমবারের মতো সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আসনগুলোর প্রতিটি কেন্দ্রে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে ব্যাপক প্রস্তুতি ও কঠোর অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন। সকাল সাড়ে ৭টা হতে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত জেলার ১ হাজার ৬৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১৬০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ওউর্ন ক্যামেরাযুক্ত পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া ৬৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দুই হাজারের অধিক সেনাবাহিনী, আড়াই হাজারের অধিক পুলিশসদস্য, প্রায় ১৪ হাজার আনসার সদস্য, চার শতাধিক বিজিবি, শতাধিক র্যাবসদস্য, স্ট্রাইকিং ফোর্সের সদস্যসহ বিভিন্ন গোয়েন্দা ইউনিটের সদস্যরা দায়িত্ব পালন করছেন।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্চয় কুমার মহন্ত বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছরে তিনটি বিতর্কিত নির্বাচনের পর এবার প্রায় ১৩ কোটি ভোটার নতুন করে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালের নির্বাচন ‘একতরফা’, ২০১৮ সালের নির্বাচন ‘রাতের ভোট’ এবং ২০২৪ সালের নির্বাচন ‘আমি-ডামির নির্বাচন’ হিসেবে ব্যাপক সমালোচিত ছিল। বহু ভোটারের অভিযোগ ছিল, তারা ভোট দিতে পারেননি।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতন হয়। ওই বছরের ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। দায়িত্ব গ্রহণের প্রায় দেড় বছর পর এই নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ এ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে না।
গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর ২২ জানুয়ারি থেকে শুরু হয় আনুষ্ঠানিক প্রচারণা, যা শেষ হয় গত মঙ্গলবার সকাল সাড়ে ৭টায়। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত হওয়ায় আজ ভোট হচ্ছে ২৯৯টি আসনে।
ডিএস,.






















