পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য সৌদি আরবের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। রোববার (১৫ ফেব্রুয়ারি) এক ঘোষণায় আদালত জানায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমজানের চাঁদ অনুসন্ধান করতে সকল মুসলিম নাগরিককে অনুরোধ করা হচ্ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল আরাবিয়া নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে সৌদি আরবে আগামী ১৮ ফেব্রুয়ারি অথবা ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাসের রোজা শুরু হতে পারে।
এক বিবৃতিতে সৌদি সুপ্রিম কোর্ট জানায়, যারা খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে রমজানের চাঁদ দেখতে পাবেন, তাদের নিকটস্থ আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
রমজান ইসলামি চান্দ্র বর্ষপঞ্জির নবম মাস এবং মুসলমানদের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ সময়। এ মাসে ধর্মপ্রাণ মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও দৈহিক চাহিদা থেকে বিরত থাকেন। সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা ভাঙা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস।
রমজান উপলক্ষে সৌদি আরবসহ উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোতে সরকারি ও অনেক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের কর্মঘণ্টা হ্রাস করা হয়েছে।
ডিএস./





















