ভারতের ঝাড়খণ্ডে সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলন আরও তীব্র হয়েছে। আন্দোলনের ১৭তম দিনে সোমবার (১০ আগস্ট) রাজধানী রাঁচিতে বিধানসভা ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছেন বিক্ষোভকারীরা।
রাজ্যের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা সকাল থেকেই রাঁচিতে জড়ো হতে শুরু করেন। ট্রেন, বাস ও অন্যান্য যানবাহনে করে বিপুলসংখ্যক শিক্ষার্থী রাজ্যের রাজধানীতে পৌঁছেছেন।
বিধানসভা ভবন থেকে প্রায় দুই কিলোমিটার দূরের একটি মাঠে জড়ো হচ্ছেন তারা। পরে সেখান থেকে মিছিল করে বিধানসভার দিকে যাওয়ার কথা রয়েছে।
এক শিক্ষার্থী বলেন, ‘সরকারের উচিত আমাদের কথা শোনা এবং এ বিষয়ে জবাব দেওয়া।’
কঠোর নিরাপত্তা, গুরুত্বপূর্ণ এলাকায় ব্যারিকেড
শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে রাঁচিতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে গুরুত্বপূর্ণ মোড় ও স্পর্শকাতর এলাকায় ব্যারিকেড বসানো হয়েছে।
বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। মিছিলের সম্ভাব্য পথেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।
জগন্নাথ মন্দিরের কাছে মিছিলের কিছু অংশে রেজর ফেন্সিং বসানো হয়েছে। রাজ্য বিধানসভার ৭৫০ মিটারের মধ্যে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৬৩ ধারা কার্যকর রয়েছে।
এদিন রাঁচির অধিকাংশ স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
রাজধানীতে শিক্ষার্থীদের প্রবেশ সীমিত করতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিভিন্ন জেলার সীমান্ত, প্রধান সড়ক ও মহাসড়কে বাস এবং ব্যক্তিগত যানবাহনে তল্লাশি করা হচ্ছে।
কী চান শিক্ষার্থীরা
ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের (JSSC) বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে JSSC-CGL পরীক্ষা বাতিল, কথিত অনিয়মের তদন্ত এবং নিয়োগ পরীক্ষার প্রক্রিয়ায় পরিবর্তন আনা।
আন্দোলনকারীদের অভিযোগ, এসব দাবি এখনো যথাযথভাবে সমাধান করা হয়নি। এ কারণে তারা আন্দোলন আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্র: এনডিটিভি
ডিএস/




















