কোরবানির পশুর চামড়া যেন দেশের বাইরে যেতে না পারে এবং বাইরের দেশের কোনো পশু যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য রংপুর পুলিশকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য।
আসন্ন ঈদুল আজহায় রংপুর বিভাগে জঙ্গি হামলার কোনো শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, রংপুরে সাত হাজার ৩৩২টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মানুষ উৎসবের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবে। এরই মধ্যে অনেক জেএমবি সদস্য গ্রেপ্তার হয়েছে। এ নিয়ে শঙ্কার কিছু নেই।
দেবদাস ভট্টাচার্য্য আরো বলেন, ঈদ উপলক্ষে হাইওয়েগুলোতে কোরবানির পশুবাহী গাড়িগুলো যাতে সহজেই হাটে আসতে পারে সে জন্য পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হয়েছে।
ট্রাফিক সপ্তাহ উপলক্ষে রংপুর বিভাগের আট জেলায় পাঁচ হাজার ১৯২টি যানবাহন এবং এক হাজার ৬৯২ জন চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জরিমানা বাবদ আদায় করা হয়েছে নয় লাখ টাকারও বেশি।
এ সময় রংপুর পুলিশ সুপার মিজানুর রহমানসহ বিভাগের জেলা পুলিশ সুপার, র্যাব-১৩, পিআইবি পুলিশ, হাইওয়ে পুলিশের এসপিগণসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
























