যেকোনো চক্রান্ত ও বাধা মোকাবিলা করে নগরবাসীকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী ঘোষিত ‘ক্লিন ও গ্রিন ঢাকা’ গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান। এই পুনরুদ্ধার ও পরিচ্ছন্নতা অভিযানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে।
গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে মিরপুরের ঐতিহ্যবাহী প্যারিস খাল পরিষ্কার অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
• নাগরিক সচেতনতার আহ্বান:প্রশাসক বলেন, নগরবাসীকে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সিটি কর্পোরেশনের প্রধান দায়িত্ব হলেও তা টেকসই করতে নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে। ভবন বা বাসাবাড়ি থেকে সরাসরি খালে ময়লা ফেলার মানসিকতা ত্যাগ করার অনুরোধ জানান তিনি।
• মিরপুর ১০ নম্বরের ফুটপাত মুক্তকরণ:জনগণের সদিচ্ছার কারণে মিরপুর ১০ নম্বরের ২৫ বছরের পুরনো অবৈধ দখলে থাকা ফুটপাত মুক্ত করা সম্ভব হয়েছে এবং গত দুই মাস ধরে তা বহাল রয়েছে উল্লেখ করে প্যারিস খালের ওয়াকওয়ে নির্মাণেও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
• তিন দিনব্যাপী বিশেষ অভিযান:স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফুটস্টেপস’ (Footsteps) ও ডিএনসিসির যৌথ উদ্যোগে প্যারিস খালে তিন দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। সামনে ডেঙ্গু মৌসুম থাকায় মশার প্রজনন রোধে এই পরিচ্ছন্নতা জরুরি বলে উল্লেখ করা হয়।


• সীমানা নির্ধারণ ও অবৈধ দখল উচ্ছেদ:সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসক জানান, পূর্ববর্তী সরকারের আমলের সীমানা নির্ধারণের ত্রুটি দূর করতে ডিএনসিসির প্রধান প্রকৌশলীর নেতৃত্বে গঠিত কমিটির কাজ ৮৫ থেকে ৯০ শতাংশ শেষ হয়েছে। দ্রুতই চূড়ান্ত সীমানা নির্ধারণ করে অবৈধ দখলমুক্ত ও পুনর্বাসনের কাজ শেষ করা হবে।
• ফ্রান্স সরকারের সহযোগিতা:প্যারিস খালের উন্নয়ন ও সৌন্দর্যায়ন নিশ্চিত করতে ফ্রান্স সরকারের প্রয়োজনীয় সহায়তার বিষয়ে ফরাসি রাষ্ট্রদূতের সাথে আলোচনা চলছে।
উক্ত কর্মসূচিতে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইফতেখার হোসেন, ‘ফুটস্টেপস’-এর প্রতিনিধিগণ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিএস./





















