“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
আজ রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় অফিস এবং উপজেলার সমবায়ীবৃন্দের যৌথ উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়। দিবসটি উপলক্ষে প্রথমে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য সমবায় র্যালি দাউদকান্দির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
ড. খন্দকার মারুফ হোসেন তাঁর বক্তব্যে বলেন, একটি বৈষম্যহীন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়তে সমবায় আন্দোলনের বিকল্প নেই। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমবায়ীরা চালিকাশক্তি হিসেবে কাজ করে আসছেন। তিনি তৃণমূল পর্যায়ের সমবায়ীদের আরও সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সততা ও নিষ্ঠার সাথে সমবায় সমিতিগুলো পরিচালনা করলে গ্রামীণ অর্থনীতিতে আমূল পরিবর্তন আনা সম্ভব। বর্তমান প্রেক্ষাপটে বেকারত্ব দূরীকরণ এবং নতুন উদ্যোক্তা তৈরিতে সমবায় খাতকে আরও শক্তিশালী করতে হবে।” তিনি দাউদকান্দির সমবায়ীদের কল্যাণে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেন এবং দাউদকান্দি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন মাহমুদ, উপজেলা সমবায় অফিসার আলমগীর হোসেন।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার টিপু সুলতানের অত্যন্ত দক্ষ সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এম এ লতিফ ভূইয়া, সাবেক পৌর বিএনপি আহবায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, সাবেক বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শওগাত চৌধুরী পিটার, কুমিল্লা উত্তর জেলার সাবেক যুবদলের সভাপতি ভিপি সাহাবুদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার এবং পৌর যুবদলের আহবায়ক শরিফ চৌধুরী।
সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সমবায়ী উপস্থিত ছিলেন।
ডিএস./





















