নিষেধাজ্ঞা শেষে চাঁদপুর মাছঘাটে ইলিশের সরবরাহ কমতে শুরু করেছে। এতে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ইলিশের দাম বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা। দাম বাড়ায় কমেছে বেচাকেনা, মাছঘাটে এসে ইলিশ না কিনেই ফিরে যাচ্ছেন ক্রেতারা।
শুক্রবার (১৩ নভেম্বর) ছুটির দিনে চাঁদপুর বড়স্টেশন মাছঘাট ঘুরে দেখা যায়, আগের তুলনায় ইলিশের সরবরাহ কম। পাশাপাশি দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের উপস্থিতিও কম। বেচাকেনা কম থাকায় অনেক ব্যবসায়ী অলস সময় পার করছেন।
ইলিশ ব্যবসায়ী নবীর হোসেন জানান, মৌসুম শেষ হওয়ায় এখন সরবরাহ বাড়ার সম্ভাবনা নেই। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকা দরে। এক কেজির কম ওজনের ইলিশের দাম ১ হাজার ৭০০ থেকে ২ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে।
আরেক ব্যবসায়ী কামাল হোসেন জানান, নদীতে ইলিশের আহরণ তুলনামূলক কমে গেছে। ফলে মাছঘাটে সরবরাহ কমে দাম বেড়েছে। মৌসুমের শেষ পর্যায়ে সরবরাহ আরও কমতে পারে। এতে সামনের দিনগুলোতে ইলিশের দাম চড়া থাকার আশঙ্কা রয়েছে।
_Rs_



















