ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে। এতে মহাসড়কের কুমিল্লামুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। একপর্যায়ে যানবাহনের দীর্ঘ সারি গজারিয়ার অংশে প্রায় ১৩ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট স্বাভাবিক হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেতুর ঢালে কাভার্ড ভ্যানটি বিকল হয়ে পড়ায় যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। পরে যানবাহনের চাপ বাড়তে থাকলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন থেমে থেমে ও ধীরগতিতে চলাচল করে।
শাহাবুদ্দিন নামের এক বাসযাত্রী বলেন, “আমি ঢাকায় চাকরি করি। সরকারি ছুটির দিনে গ্রামের বাড়িতে বিভিন্ন কাজে যেতে হয়। পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানেও অংশ নিতে হয়। কাজ শেষে আবার কর্মস্থলে ফিরতে হয়। কিন্তু মহাসড়কের যানজটের কারণে আমাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ সমস্যার স্থায়ী সমাধান জরুরি।”
যানজটে আটকে থাকা ট্রাকচালক সিরাজুল ইসলাম পিন্টু বলেন, “গজারিয়া উপজেলার জামালদী এলাকা থেকেই যানজটে পড়েছি। ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে দেড় ঘণ্টা সময় লেগেছে।”
অপর ট্রাক চালক শাকিল মিয়া , “জালামদি এলাকা থেকে যানজটে পড়েছি। আনারপুরা বাসস্ট্যান্ডে আসতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে।”
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, “দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। গাড়িটি সরানোর কাজ চলছে। আশা করছি, এক ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।”
_Rs_

























