মৃত্যুর আগে নিজের ব্যক্তিগত ডায়েরিতে ৩ বার শয়তানকে দেখার অভিজ্ঞতার কথা লিখেছিলেন প্রয়াত পোপ ফ্রান্সিস। এমনকি, এক রাতে ‘নরকের দরজা’ দেখার কথাও উল্লেখ করেছিলেন তিনি। তার ব্যক্তিগত ডায়েরির কিছু অংশ তুলে ধরার পর বিষয়টি সামনে এসেছে।
‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ নামের বইটি লিখেছেন আর্জেন্টিনার কার্ডিনাল ভিক্টর ম্যানুয়েল ফার্নান্দেজ। এতে ১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত পোপ ফ্রান্সিসের লেখা ব্যক্তিগত ডায়েরির বিভিন্ন অংশ স্থান পেয়েছে। ডায়েরিতে তার উদ্বেগ, অনুশোচনা, আত্মসমালোচনা, মানবিক অনুভূতি ও ধর্মীয় বিশ্বাসের নানা দিক উঠে এসেছে।
ভ্যাটিকানের ধর্মীয় মতবাদবিষয়ক দপ্তর ‘ডিকাস্টেরি ফর দ্য ডকট্রিন অব দ্য ফেইথ’-এর প্রধান ফার্নান্দেজ জানান, কালো প্লাস্টিকের মলাটে বাঁধানো ওই ডায়েরিতে থাকা ভাবনা ও অভিজ্ঞতাগুলো বিশ্বের সামনে তুলে ধরার জন্য তাকে দায়িত্ব দিয়েছিলেন পোপ ফ্রান্সিস নিজেই।
গত বছর, পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর তার উত্তরসূরি পোপ লিও চতুর্দশের কাছে বইটি প্রকাশের বিষয়টি তুলে ধরেন ফার্নান্দেজ। তার আশঙ্কা ছিল, ডায়েরিটি কোনো গুদামে পড়ে থেকে একসময় বিস্মৃত হয়ে যেতে পারে। পরে ডায়েরির নির্বাচিত অংশ প্রকাশের অনুমতি পান তিনি। ফার্নান্দেজের ভাষ্য, পোপ ফ্রান্সিসের হৃদয়ে থাকা আধ্যাত্মিক ভাবনাগুলো স্পষ্ট এবং সেগুলো মানুষের জন্য উপকারী হতে পারে।
বইটির সবচেয়ে আলোচিত অংশগুলোর একটি হলো, শয়তানকে তিনবার দেখার দাবি। ডায়েরিতে পোপ ফ্রান্সিস লিখেছেন, বুয়েনস এইরেসের আর্চবিশপ থাকাকালে তিনি তিনবার শয়তানকে দেখেছিলেন বলে বিশ্বাস করেন। এর মধ্যে একবার বাড়ি ফেরার পথে গাড়ির ভেতর থেকে এবং আরেকবার প্রার্থনার সময় গির্জার উপাসনাকক্ষে তাকে দেখেন। তৃতীয় ঘটনাটি ঘটে চিলি সফরের পর রোমে।
বইটির ফরাসি সংস্করণের আগাম কপিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২৪ জানুয়ারি ডায়েরিতে পোপ ফ্রান্সিস লিখেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন শয়তান নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে এবং কৌশলে মানুষের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
নিজের ডায়েরিতে ওই তিনটি ঘটনার কথা উল্লেখ করে তিনি লেখেন, সেসব ক্ষেত্রে শয়তানকে তিনি বাস্তবেই শারীরিকভাবে উপস্থিত হতে দেখেছিলেন বলে নিশ্চিত।
প্রথম ঘটনার বর্ণনায় পোপ ফ্রান্সিস লেখেন, প্রায় ১৫ বছর আগে গাড়ির জানালা দিয়ে তিনি শয়তানকে দেখেছিলেন। তার চোখের দৃষ্টি ছিল একই সঙ্গে ভয়ংকর-আকর্ষণীয়। সেই দৃষ্টি তিনি কখনো ভুলতে পারবেন না বলেও উল্লেখ করেন।
দ্বিতীয় ঘটনাটি ঘটে একটি কারমেলাইট উপাসনালয়ে। সেখানে শয়তানকে জ্বলন্ত চোখে তার দিকে তাকিয়ে থাকতে দেখার কথা লেখেন তিনি। ডায়েরিতে পোপ উল্লেখ করেন, সেই দৃষ্টি আগের ঘটনার চেয়েও তীব্র ছিল, যেন চোখ থেকে আগুনের ঝলক বের হচ্ছিল।
তৃতীয় ঘটনাটি ঘটে চিলি সফরের পর রোমে একটি বৈঠকের সময়। পোপ ফ্রান্সিসের দাবি, সেদিন তিনি শয়তানকে দেখার পাশাপাশি তার কণ্ঠস্বরও শুনেছিলেন। তার ভাষায়, কণ্ঠস্বরটি ছিল বিজয়ীর মতো, যেন সবকিছুর ওপর তার নিয়ন্ত্রণ রয়েছে। সেই কণ্ঠের কর্কশ ও শক্তিশালী আওয়াজও তিনি ভুলতে পারেননি। তবে এসব অভিজ্ঞতা থেকে মুক্ত হওয়ার সুযোগ সৃষ্টিকর্তা তাঁকে দিয়েছিলেন বলে ডায়েরিতে উল্লেখ করেন তিনি।
এছাড়া ২০১৮ সালের ৭ জুনের একটি ডায়েরি নোটে আগের রাতের আরেকটি অভিজ্ঞতার কথা লিখেছেন পোপ ফ্রান্সিস। ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তিনি ‘নরকের দরজা’ দেখেছিলেন বলে উল্লেখ করেন।
পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত ডায়েরির এসব বিবরণ প্রকাশের পর তার আধ্যাত্মিক জীবন, বিশ্বাস ও ব্যক্তিগত উপলব্ধির নানা দিক নতুন করে আলোচনায় এসেছে।
ডিএস./



















