ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি এবং এক পোশাকশ্রমিকের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফের অশান্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। মহানগরীর কোনাবাড়ী, ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, নাওজোড়, মৌচাকের তেলিরচালা এবং সদর উপজেলার মেম্বারবাড়ী ও বাঘের বাজার এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, লাঠিসোঁটা নিয়ে মিছিল এবং সড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোগড়া, চৌরাস্তা ও কোনাবাড়ী এলাকার অন্তত ৭০টি পোশাক কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন পয়েন্টে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার ‘ইসলাম গার্মেন্টস’-এ এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এর জেরে ইসলাম গার্মেন্টস ও পাশের ‘রিপন গার্মেন্টস’-এর শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে অবস্থান নেন এবং একপর্যায়ে লাঠিসোঁটা হাতে আঞ্চলিক সড়কে নেমে অবরোধ সৃষ্টি করেন। সকাল পৌনে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা উত্তেজিত হয়ে ওঠেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। তবে ওই ঘটনার জেরে কোনাবাড়ী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
অন্যদিকে, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে সকাল থেকেই গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী, বাঘের বাজারের নতুন বাজার, মহানগরীর চান্দনা চৌরাস্তা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এবং জয়দেবপুর-ঢাকা সড়কের তিন সড়ক এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। দুপুর পৌনে ১২টার দিকে বিপুলসংখ্যক শ্রমিক মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করলে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল উভয় মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে এবং পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা চালায়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, সকালে শ্রমিক মৃত্যুর গুজব ছড়িয়ে একদল শ্রমিক আঞ্চলিক সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপকমিশনার আশরাফুল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকেরা জড়ো হয়ে অবরোধের চেষ্টা করায় যান চলাচল ব্যাহত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক বিক্ষোভ ও অসন্তোষের মুখে মঙ্গলবার গাজীপুরের বিভিন্ন এলাকার ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। ভোগড়া বাইপাসসহ বিভিন্ন পয়েন্টে যান চলাচল স্বাভাবিক করতে এবং শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা রক্ষায় ১৩ প্লাটুন বিজিবি, শিল্প পুলিশ, জেলা পুলিশ, মহানগর পুলিশ, এসআরবি ও আনসার সদস্যরা মাঠে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।
ডিএস./



















